প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১৩:৫৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১৫:৪২ পিএম
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কমলনাথ। ছবি : সংগৃহীত
ভারতের রাজনৈতিক দল কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও কমলনাথকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠানোর অভিযোগে মধ্যপ্রদেশের ইন্দোর থেকে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই বৃদ্ধের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তার বৃদ্ধের নাম দয়াসিং ওরফে ঐশীলাল ঝাম। বয়স ৬০ বছর।
জানা গেছে, গত বছর নভেম্বরে ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালে দুই নেতাকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছিলেন দয়াসিং। ইন্দোরের একটি মিষ্টির দোকানে হুমকির চিঠি পাঠানো হয়েছিল।
১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গার পরিপ্রেক্ষিতে এ হুমকির চিঠি পাঠানো হয়।
গত বছর ২৭ নভেম্বর ইন্দোরে প্রবেশ করেছিল রাহুল গান্ধীর পদযাত্রা। পরদিন সেই পদযাত্রা উজ্জয়নে প্রবেশ করে। রাহুল গান্ধীর সঙ্গে পদযাত্রায় শামিল হয়েছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথও।
ওই সময় কমলনাথ ও রাহুল গান্ধীকে খুনের হুমকি দিয়ে চিঠি পাঠান দয়াসিং। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ।
দীর্ঘ কয়েক মাস পর অবশেষে অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয় ইন্দোর পুলিশ।
ইন্দোর পুলিশের অপরাধ দমন শাখার ডিসিপি নিমিষ আগরওয়াল জানান, দয়াসিং ট্রেনে করে পালানোর চেষ্টা করছিলেন। সে সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে নিমিষ আগরওয়াল বলেন, ‘জেলা প্রশাসন আদেশ জারি করেছে। সে অনুযায়ী দয়াসিংকে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জেলে পাঠানো হবে। তবে কেন তিনি এ চিঠি পাঠিয়েছেন তা স্পষ্ট নয়। বিস্তারিত জানতে তদন্ত চলছে।’
এর আগে দয়াসিং চিঠি পাঠিয়ে দাবি করেছিলেন, মধ্যপ্রদেশের ইন্দোরে যখন ‘ভারত জোড়ো’ যাত্রা প্রবেশ করবে তখন এক ভয়াবহ বোমা বিস্ফোরণে হত্যা করা হবে রাহুল গান্ধী ও কমলনাথকে।
উল্লেখ্য, রাহুল গান্ধীর পদযাত্রা চলাকালে কংগ্রেসের তরফে একাধিকবার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ করা হয়েছিল। পরবর্তীতে রাহুল গান্ধী দাবি করেন, জম্মু ও কাশ্মিরে ‘ভারত জোড়ো’ যাত্রা চলাকালে তিনি জঙ্গিদের দেখেছিলেন ভিড়ের মধ্যে।
এরও আগে বিজেপিশাসিত মধ্যপ্রদেশে রাহুল গান্ধীকে হত্যা করার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। যে ঘটনায় মধ্যপ্রদেশ সরকার ও প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করেছিল কংগ্রেস শিবির।
সূত্র : আউটলুক ইন্ডিয়া