প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৩ ১২:১৪ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩ ১২:২১ পিএম
এএইচ-অ্যাপাচি হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) প্রশিক্ষণের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। যা এক মাসের কম সময়ের মধ্যে ঘটে যাওয়া এ ধরনের দ্বিতীয় ঘটনা।
সেনাবাহিনীর ১১তম এয়ারবর্ন ডিভিশন এক বিবৃতিতে জানিয়েছে, এএইচ-অ্যাপাচি হেলিকপ্টার আজ আলাস্কার হিলির কাছে বিধ্বস্ত হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে আরও তথ্য পাওয়া গেলে তা পরে প্রকাশ করা হবে।
এ ছাড়া দুর্ঘটনায় হতাহতের অবস্থা সম্পর্কেও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হন।
সাম্প্রতিক বছরগুলোয় দেশটির সামরিক বিমানের আরও একাধিক দুর্ঘটনা ঘটেছে। যার মধ্যে গত ফেব্রুয়ারিতে একটি ব্ল্যাক হক বিধ্বস্ত হয়ে নিহত হন দুজন।
এ ছাড়া গত বছর নরওয়েতে ন্যাটোর মহড়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে যুক্তরাষ্ট্রের চারজন সেনা নিহত হন।
সূত্র : এএফপি