প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩ ১৯:১১ পিএম
আপডেট : ২৬ এপ্রিল ২০২৩ ১৯:৩২ পিএম
যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষমতাসম্পন্ন একটি ডুবোজাহাজ। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতাসম্পন্ন একটি ডুবোজাহাজ দক্ষিণ কোরিয়ায় আসছে। ৪০ বছরের মধ্যে এ ধরনের ঘটনা এটিই প্রথম। তা ছাড়া শীতল যুদ্ধের পর বিশ্বের আর কোনো দেশে পারমাণবিক ডুবোজাহাজ পাঠায়নি যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র এমনটি করেছে।
যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানান, যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে থাকা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল বুধবার (২৬ এপ্রিল) হোয়াইট হাউসে জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেন। পরবর্তীতে এক যৌথ সংবাদ সম্মেলনে তারা পারমাণবিক ডুবোজাহাজ নিয়ে ঘোষণা দেন।
কর্মকর্তারা বলেন, শীতল যুদ্ধ চলাকালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের হাত থেকে সুরক্ষা দিতে ইউরোপের দু-একটি মিত্র দেশে পারমাণবিক ডুবোজাহাজ পাঠিয়েছিল যুক্তরাষ্ট্র। তাই বর্তমান সময়ে দক্ষিণ কোরিয়ায় এটি পাঠানোটা বেশ উল্লেখযোগ্য ঘটনা। উত্তর কোরিয়ার পারমাণবিক তৎপরতার জবাবে এমনটি করা হচ্ছে। কারণ মিত্র হিসেবে দক্ষিণ কোরিয়ার সুরক্ষা নিশ্চিত করা আমাদের কর্তব্য।
দক্ষিণ কোরিয়ায় বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় ২৯ হাজার সেনা রয়েছে। আলোচিত পারমাণবিক ডুবোজাহাজটি দক্ষিণ কোরিয়ায় স্থায়ীভাবে অবস্থান করবে, না কিছু দিন থেকে চলে যাবে—তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নিয়ে তাৎক্ষণিকভাবে উত্তর কোরিয়ার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তা ছাড়া এ অঞ্চলে ওয়াশিংটনের এ ধরনের পদক্ষেপ নিয়ে বেইজিং কী মনে করে, তা-ও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
সূত্র : এএফপি