প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ২০:৫৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ২১:২৪ পিএম
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি : সংগৃহীত
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর প্রস্তাব করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সোমবার (২৪ এপ্রিল) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সদর দপ্তরে এক আলোচনায় তিনি এ প্রস্তাব করেন।
ল্যাভরভ বলেন, ’আধুনিক যুগের ভূরাজনৈতিক সমস্যা সমাধানের জন্য বর্তমান নিরাপত্তা পরিষদ কার্যকর নয়। কারণ প্রথমত এটি বহুজাতি ও অঞ্চলকে সত্যিকার অর্থে প্রতিনিধিত্ব করে না। দ্বিতীয়ত বর্তমান কাঠামোয় এতে পশ্চিমাদের প্রতিনিধিত্ব বেশি। তাই আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকা থেকে আরও দেশকে এর সদস্য করতে হবে। তাহলে এটি প্রকৃত বহুকেন্দ্রিক বিশ্বের প্রতিনিধিত্ব করবে।’
রুশ গণমাধ্যম আরটি জানায়, জাতিসংঘের ১৫ সদস্যের বর্তমান নিরাপত্তা পরিষদের মধ্যে স্থায়ী সদস্য দেশ পাঁচটি। দেশগুলো হলো, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া।
আর অস্থায়ী সদস্য ১০টি। কাঠামো অনুযায়ী, প্রতি দুই বছর অন্তর সাধারণ পরিষদ অস্থায়ী সদস্যদের নিয়োগ দেয়। অস্থায়ী সদস্যদের মধ্যে লাতিন ও এশিয়ার পাঁচটি করে দেশ। লাতিন আমেরিকা ও পশ্চিম ইউরোপের দুটি করে। আর পূর্ব ইউরোপের একটি।
সেই হিসেবে নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পশ্চিমাদের সদস্য পাঁচটি, যা যেকোনো অঞ্চলের তুলনায় বেশি। অন্যদিকে জাপান বলতে গেলে যুক্তরাষ্ট্রের স্থায়ী মিত্র। নিরাপত্তা পরিষদে দেশটি সব সময় যুক্তরাষ্ট্রের অনুসরণে সিদ্ধান্ত নেয়।
ল্যাভরভের প্রস্তাবের জবাবে যুক্তরাষ্ট্রের জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি লিন্ডা টমাস-গ্রিনফিল্ডও নিরাপত্তা পরিষদ ঢেলে সাজানোর কথা বলেছেন।
সূত্র : আরটি