প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:০৯ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৫:১৭ পিএম
তিউনিসিয়ার জলসীমা থেকে ডুবে যাওয়া অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ছবি: সংগৃহীত
তিউনিসিয়ার জলসীমা থেকে ডুবে মারা যাওয়া অন্তত ৭০ জন অভিবাসনপ্রত্যাশীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) কর্মকর্তারা এ তথ্য জানান।
এদিকে একইদিনে উপকূলীয় শহর স্ফ্যাক্সের কাছে আরও দুটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে বলে সেখানকার বিচার বিভাগীয় কর্মকর্তা ফৌজি মাসমুদি রয়টার্সকে জানিয়েছেন।
মাসমুদি বলেন, অভিবাসন প্রত্যাশীদের লাশের সংখ্যা বাড়তে থাকায় স্ফ্যাক্স হাসপাতালের মর্গগুলোতে স্থান সংকুলান হচ্ছে না। গত শুক্রবার থেকে তিউনিসিয়ার জলসীমা থেকে অভিবাসনপ্রত্যাশীদের লাশ উদ্ধার শুরু হয়। এ সময় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অন্তত ৭০ জন আফ্রিকার অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ উদ্ধার করা হয়। এছাড়া সোমবার ডুবে যাওয়া নৌকাগুলো থেকে অন্তত ৪৭ জনকে জীবিত উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষের জন্য তিউনিসিয়া যাত্রা শুরুর একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
তিউনিসিয়ান ন্যাশনাল গার্ড জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে তিউনিসিয়া থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করার সময় ১৪ হাজারেরও বেশি অভিবাসীপ্রত্যাশীকে আটক বা উদ্ধার করা হয়। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এ চেষ্টা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচগুণেরও বেশি। আর এসব অভিবাসীপ্রত্যাশীদের বেশিরভাগই সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের বাসিন্দা।
সূত্র: রয়টার্স