প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩ ১৩:১১ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৩ ১৩:৩০ পিএম
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে করমর্দনরত জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার। ছবি : ডয়চে ভেলে
জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমায়ার রবিবার (২৩ এপ্রিল) কানাডা পৌঁছেছেন। তারপর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে তার আলোচনা হয়েছে।
ওই আলোচনায় ইউক্রেন যুদ্ধ প্রাধান্য পেয়েছে বলে জানা গেছে। চীনের ক্রমবর্ধমান হুমকি নিয়েও আলোচনা করেছেন এ দুই নেতা। জার্মান প্রেসিডেন্টের এ সফরে গুরুত্ব পাচ্ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের দিকটাও।
স্টাইনমায়ারের সঙ্গে আলোচনার পর ট্রুডো বলেছেন, ‘জার্মানি যেভাবে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে, তা খুবই প্রশংসনীয়। কানাডা ও জার্মানি দুই দেশই ইউক্রেনকে সমর্থন করে যাবে।’
এদিকে দুই নেতা একটি চুক্তিতেও সই করেন। সেই চুক্তিতে বলা হয়েছে : কানাডা ও ফল্কসভাগেন মিলে ১ হাজার ৫০০ কোটি ডলার দিয়ে কানাডায় ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির বিশাল কারখানা করবে। এর ফলে বেশ কয়েক হাজার চাকরির সুযোগ তৈরি হবে বলে ট্রুডো জানিয়েছেন।
এক অনুষ্ঠানে জার্মান প্রেসিডেন্ট বলেন, ‘গণতন্ত্র হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকাঠামো। ভেতরের ও বাইরের সব ধরনের আক্রমণের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাতে হবে।’
তিনি বলেন, ‘চীন যে আর্থিক ও রাজনৈতিক শক্তি হিসেবে উঠে আসছে যার দীর্ঘমেয়াদি প্রভাব ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পড়বে। ইন্দো-প্যাসিফিকে চীনের ক্রমে বাড়তে থাকা প্রভাবের পরিপ্রেক্ষিতে কানাডা সেখানে বড় ভূমিকা নিতে পারে। ওই অঞ্চলের দেশগুলো যাতে চীনের ওপর নির্ভরশীল না হয়, তার জন্য জার্মানি ও কানাডার উচিত সেখানে নিজেদের নেটওয়ার্কিং বাড়ানো।’
সূত্র : ডয়চে ভেলে