প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৩ ২১:৩১ পিএম
আপডেট : ২৪ এপ্রিল ২০২৩ ২১:৫৭ পিএম
ফ্রান্সে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত লু শায়ে। ছবি : সংগৃহীত
ফ্রান্সে নিয়োজিত চীনা রাষ্ট্রদূত লু শায়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ইউক্রেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোর স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটি নিয়ে সারা ইউরোপে তোলপাড় চলছে। এ অবস্থায় রাষ্ট্রদূতের মন্তব্য একান্ত তার ব্যক্তিগত এবং ইউক্রেনের স্বাধীনতা নিয়ে চীনের কোনো প্রশ্ন নেই বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সপ্তাহে ফরাসি গণমাধ্যম এলসিআই নেটওয়ার্কে দেওয়া এক সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে লু শায়ে বলেন, ’ক্রিমিয়া ঐতিহাসিকভাবে রাশিয়ার অংশ। সোভিয়েত আমলে উপদ্বীপটিকে ইউক্রেনের অংশ করা হয়েছিল।’
সাক্ষাৎকার গ্রহণকারী আরও জোর দিলে চীনা রাষ্ট্রদূত বলেন, ’এক অর্থে সাবেক সোভিয়েতভুক্ত কোনো দেশেরই আন্তর্জাতিক আইন অনুযায়ী সার্বভৌমত্ব নেই। কারণ আন্তর্জাতিক কোনো আইনের অধীনে সেগুলো সোভিয়েত ইউনিয়ন থেকে আলাদা হয়নি।’
কিন্তু লু শায়ের অবস্থান প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার (২৪ এপ্রিল) নিয়মিত সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ’না, ইউক্রেনসহ সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভূখণ্ডের অখণ্ডতার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। জাতিসংঘের বিধি মেনে আমরা সব দেশের সম্মান রক্ষা করে চলি।’
পরবর্তীতে প্যারিসের চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রদূতের মন্তব্য একান্ত তার ব্যক্তিগত। এটি চীন সরকারের অবস্থান নয়।
বিবিসি জানায়, লু শায়ের মন্তব্যের পর বাল্টিক অঞ্চলের দেশ লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া চীনা রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের ডেকে পাঠিয়েছে। তারা লুয়ের মন্তব্যের ব্যাখ্যা চেয়েছে।
সূত্র : বিবিসি