প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩০ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৪:৩৯ পিএম
বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন। ছবি : বাসস
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন।
বুধবার রাষ্ট্রপতি ভবনে এই সাক্ষাতের সময় ইমরান বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তা ভারতের রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেন।
ঐতিহাসিক বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করে ভারতের রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, পারস্পরিক সুনাম, শ্রদ্ধাবোধ, সমঝোতা এবং আস্থার ওপর ভিত্তি করে দুদেশের মধ্যে সম্পর্ক আগামী দিনগুলোতে জোরদার হবে।
তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক সফল ভারত সফরসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন, যা দুদেশের বিদ্যমান সম্পর্ককে আরও সুসংহত করবে।
বিদায়ি দূত তার দায়িত্ব পালনকালে সর্বাত্মক সহযোগিতার জন্য ভারত সরকার ও সেদেশের জনগণকে ধন্যবাদ জানান।
হাইকমিশনার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য ভারতের রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
ভারতের রাষ্ট্রপতি তার মেয়াদে দায়িত্ব পালনের প্রশংসা এবং আগামী দিনগুলোতে তার সাফল্য কামনা করেন।
ইমরান আগামীকাল সন্ধ্যায় যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে ভারত ছাড়বেন।
প্রবা/আরকে/ এসআর