প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ২১:১৯ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ২১:৫৪ পিএম
নিজেদের দুটি হেলিকপ্টার সাদা থেকে কমলা রঙে রাঙিয়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রম মিশন। ছবি : সংগৃহীত
গণপ্রজাতান্ত্রিক কঙ্গোয় সরকার ও বিভিন্ন বিদ্রোহী গ্রুপের মধ্যে কয়েক বছর ধরে সংঘর্ষ চলছে। বিদ্রোহী গোষ্ঠীগুলো জাতিসংঘের মানবিক কার্যক্রমের গাড়ি ও হেলিকপ্টারেও হামলা চালায়। এ পরিস্থিতিতে হামলা থেকে বাঁচতে নিজেদের দুটি হেলিকপ্টার সাদার বদলে উজ্জ্বল কমলা রঙ দিয়ে সাজিয়েছে জাতিসংঘ।
সংঘর্ষপ্রবণ কেন্দ্রীয় আফ্রিকার দেশটিতে অনেক বিদ্রোহী গোষ্ঠী রয়েছে। এসব গোষ্ঠীর মধ্যে এম-২৩ নামের একটি গোষ্ঠী সম্প্রতি নতুন করে হামলা শুরু করেছে। তাদের হামলায় জাতিসংঘের মানবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রঙ পরিবর্তনের পেছনে মূল উদ্দেশ্য অন্য হেলিকপ্টার থেকে জাতিসংঘের মানবিক কার্যক্রমের হেলিকপ্টারগুলোকে আলাদা করা। কমলা রঙ দেখলে বিদ্রোহীরা তাতে হামলা করবে না বলে আশা করা হচ্ছে। কারণ সেগুলো শান্তিরক্ষা মিশনের নয়, বরং মানবিক কার্যক্রমের।
জাতিসংঘের তথ্যমতে, গত বছর দেশটিতে ত্রাণ কার্যক্রমে অন্তত ২৯৩টি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় মানবিক কার্যক্রমের ৯ জন কর্মী নিহত হয়েছেন। একই সময়ে অপহরণ করা হয়েছে ২০ জনের বেশি কর্মীকে।
কিন্তু রঙ পরিবর্তনের মধ্য দিয়ে মূল সমস্যার সমাধান হবে না বলে মনে করেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধি স্টুয়ার্ট মুহিন্দো। তিনি রয়টার্সকে বলেন, ’জাতিসংঘের কার্যক্রম এখানে ব্যর্থ হয়েছে। তাই হেলিকপ্টারের রঙ বদল করে হামলা থেকে রেহায় পাওয়া যাবে বলে মনে হয় না। সমস্যার গোড়ায় যেতে হবে।’
সূত্র : রয়টার্স