প্রবা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:১২ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২ ১৩:২২ পিএম
বাকিংহাম প্যালেসের সামনে জনতার ভিড়। ছবি : সংগৃহীত
রানী দ্বিতীয় এলিজাবেথের মরদেহ পৌঁছেছে বাকিংহাম প্যালেসে। সেখানে নতুন রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা প্রয়াত রানীর কফিন গ্রহণ করেছেন।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এ সময় রানীকে শ্রদ্ধা জানাতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে পথের দুপাশে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছিলেন হাজার হাজার মানুষ।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে মারা যান ৯৬ বছর বয়সী রানী দ্বিতীয় এলিজাবেথ। ৭০ বছর ধরে রাজত্ব করা রানীর মৃত্যুতে শোকে নিমজ্জিত রয়েছে দেশবাসী।
আলজাজিরার প্রতিবেদক নেভ বার্কার লন্ডন থেকে পাঠানো তথ্যে একে একটি গভীর ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেন।
বুধবার বাকিংহাম প্যালেস থেকে রানীর মরদেহ ওয়েস্টমিনস্টার হলে নেওয়া হবে। সোমবার অনুষ্ঠিত শেষকৃত্যের আগের চার দিন তার মরদেহ এখানেই রাখা হবে।
সেখানে সর্বসাধারণ শেষকৃত্যের সকাল পর্যন্ত রানীকে শেষবারের মতো দেখার এবং শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় ১১টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানী দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠিত হবে। রাজপরিবারের সদস্য, রাজনীতিবিদ ও বিশ্বনেতারা অংশ নেবেন রানীর শেষকৃত্যে।
তবে রাশিয়া, বেলারুশ ও মিয়ানমারের নেতাদের শেষকৃত্যে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়নি।
প্রবা/এনএস/ এসআর