প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৩ ১৮:১২ পিএম
শ্রীলঙ্কা থেকে ১ লাখ বিপন্ন প্রজাতির টক ম্যাকাক বানর কিনছে চীন। ছবি : সংগৃহীত
চীনের একটি প্রাইভেট কোম্পানি শ্রীলঙ্কা থেকে ১ লাখ বিপন্ন প্রজাতির বানর কিনছে। এসব বানর দিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা চালানো হবে। শ্রীলঙ্কার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও চীন তা অস্বীকার করেছে।
শ্রীলঙ্কার কৃষি মন্ত্রণালয়ের শীর্ষ আমলা গুণদাসা সমরসিংহে সাংবাদিকদের বলেছেন, চীনের একটি প্রাইভেট কোম্পানি আমাদের থেকে ১ লাখ বানর কিনতে চাইছে। কোম্পানিটি চীনের সরকারি প্রতিষ্ঠান জুলজিক্যাল গার্ডেনের সঙ্গে সংশ্লিষ্ট। তারা যে প্রজাতির বানর চেয়েছে সেটা ফসল নষ্ট করে। সব বানর আমরা একসঙ্গে পাঠাব না। ধাপে ধাপে পাঠাব।
গত সপ্তাহে শ্রীলঙ্কার কৃষিমন্ত্রী মাহিন্দা অমরাবিরাও বিষয়টি নিশ্চিত করেছেন বলে উল্লেখ করা হয়েছে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) এক প্রতিবেদনে। অমরাবিরাও বলেছেন, নিজেদের চিড়িয়াখানায় রাখার জন্যই চীনা কোম্পানি বানরগুলো কিনছে। ১ লাখ বানর ১ হাজারের বেশি চিড়িয়াখানায় রাখা হবে।
এনডিটিভি জানায়, যে বানরটির জন্য চীনা কোম্পানি অনুরোধ করেছে, সেটির নাম টক ম্যাকাক। শ্রীলঙ্কায় প্রায় ৩০ লাখ এই প্রজাতির বানর রয়েছে। এটি ফসলের ক্ষতি করে এবং কখনও কখনও মানুষের ওপরও হামলা চালায়।
টক ম্যাকাককে বিপন্ন প্রজাতির প্রাণী ঘোষণা করেছে স্বয়ং শ্রীলঙ্কা। সংকটাপন্ন প্রাণী হিসেবে এটিকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারে (আইইউসিএন) লাল তালিকাভুক্ত করা হয়েছে।
শ্রীলঙ্কায় বন্যপ্রাণী হত্যা নিয়ে কঠোর আইন রয়েছে। কিন্তু অর্থনৈতিক সংকটে থাকা দেশটি সম্প্রতি কিছু প্রাণী হত্যার নিষেধাজ্ঞা শিথিল করেছে। ফলে তিন প্রজাতির বানর, ময়ূর ও বন্যশূকর শিকারে সমস্যা নেই।
এদিকে চীনে পাঠানোর জন্য টক ম্যাকাক সংরক্ষিত বনাঞ্চল থেকে ধরা হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বরং সেগুলোর উৎপাত যেখানে বেশি সেখান থেকেই ধরা হবে।
বানর কেনার বিষয়টি নিজেরা জানে না বলে মঙ্গলবার (১৮ এপ্রিল) এক বিবৃতি দিয়েছে কলম্বোয় অবস্থিত চীনা দূতাবাস।
বিবৃতিতে বলা হয়, চীনে প্রাণী ও উদ্ভিদ আমদানি-রপ্তানি করে ন্যাশনাল ফরেস্ট্রি অ্যান্ড গ্রাসল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তাদের হাতে শ্রীলঙ্কা থেকে চীনা কোনো কোম্পানির বানর কেনার বিষয়ে তথ্য নেই।
বিবৃতিতে আরও বলা হয়, বিশ্বের যেসব দেশ বন্যপ্রাণীর অধিকার সংরক্ষণ আইন কঠোরভাবে মেনে চলে, চীন তাদের অন্যতম। তাই বন্যপ্রাণী সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেয় চীন সরকার এবং এক্ষেত্রে যাবতীয় আন্তর্জাতিক আইন মেনে চলে।
সূত্র : এনডিটিভি