× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুদানে সংঘাতরত দুই পক্ষ অস্ত্রবিরতিতে সম্মত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ২১:১৪ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ২১:৫৭ পিএম

সংঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ১৭ এপ্রিল সুদানের রাজধানী খার্তুমে। ছবি : সংগৃহীত

সংঘাতে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি। ১৭ এপ্রিল সুদানের রাজধানী খার্তুমে। ছবি : সংগৃহীত

সুদানে ক্ষমতার জন্য সংঘাতে জড়িয়ে পড়া দুই সশস্ত্র বাহিনী ২৪ ঘণ্টার অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। মঙ্গলবার (১৮ এপ্রিল) স্থানীয় সময় বিকালে সম্মত হওয়া এই বিরতি সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের চাপে দুই পক্ষ এই অস্ত্রবিরতিতে সম্মত হয়েছে। 

সৌদি আরবের টেলিভিশন আল-অ্যারারিয়াকে সেনাবাহিনীর জেনারেল শামস আল-দ্বীন কাবাশি বলেন, ’মঙ্গলবার সন্ধ্যায় ৬টা থেকে শুরু হওয়া অস্ত্রবিরতি পরবর্তী ২৪ ঘণ্টা কার্যকর হবে। ২৪ ঘণ্টা অতিক্রম হওয়ার পর তা আপাতত আর বাড়ানোর সম্ভাবনা নেই।’ 

সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাতে সোমবার রাজধানী খার্তুমে যুক্তরাষ্ট্রের দূতাবাসের একটি গাড়িতে সশস্ত্র হামলা হয়। কেউ হতাহত না হলেও এ ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। 

ঘটনার এক দিন পর মঙ্গলবার সংঘাতরত দুই বাহিনীর প্রধানের সঙ্গে জাপান থেকে ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনিও ব্লিঙ্কেন। ফোনে ২৪ ঘণ্টা অস্ত্রবিরতির জন্য তাদের প্রতি আহ্বান জানান তিনি। 

রয়টার্স জানায়, ব্লিঙ্কেনের ফোন ও অস্ত্রবিরতির বিষয়টি সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও আরএসএফপ্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর কার্যালয় নিশ্চিত করেছে। সাধারণ মানুষ যাতে নিরাপদ আশ্রয়ে যেতে পারে এবং তাদের মধ্যে আন্তর্জাতিক ত্রাণকাজ চালানো যায়, সেজন্যই অস্ত্রবিরতিতে উভয় পক্ষ সম্মত হয়েছে বলে জানা গেছে। 

নিজেদের দূতাবাসের গাড়িতে হামলার ঘটনা নিয়ে ব্লিঙ্কেন বলেন, ’’প্রাথমিক তথ্যমতে, আরএসএফের সদস্যরাই আমাদের গাড়িতে হামলা চালিয়েছে বলে জানা গেছে। অথচ এই গাড়িতে দূতাবাসের লাইসেন্স প্লেট ও যুক্তরাষ্ট্রের পতাকা ছিল। এতে কেউ হতাহত না হলেও এ ধরনের ঘটনা চরম ‘বেপরোয়া’।’’

চার দিন আগে শুরু হওয়া সংঘাত রাজধানী খার্তুমসহ আরও কয়েকটি প্রধান শহরে ছড়িয়ে পড়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১৮৫ জন নিহত এবং প্রায় ৫০০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা