প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৩ ০০:২৬ এএম
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩ ১১:৪৪ এএম
৩৮ ডিগ্রি তাপমাত্রায় মহারাষ্ট্রে খোলা আকাশের নিচে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে রাজ্যের বিজেপি সরকার। ছবি : সংগৃহীত
ভারতের মহারাষ্ট্রে এক অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে হিটস্ট্রোকে আট ব্যক্তির মৃত্যু হয়েছে। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাজ্যের নাভি মুম্বাই শহরে সমাজকর্মী দত্তাত্রেয় নারায়ণকে ভূষণ অ্যাওয়ার্ড দেওয়ার আয়োজন করে মহারাষ্ট্র সরকার। খোলা আকাশের নিচে রবিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শুরু হয়ে অনুষ্ঠানটি ১টার দিকে শেষ হয়।
অনুষ্ঠান চলাকালে ওই শহরের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। অনুষ্ঠানে অংশগ্রহণ করে কয়েক হাজার মানুষ।
এনডিটিভি জানায়, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও দেবেন্দ্র ফড়নবিসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আটজনের মৃত্যু খবর একনাথ শিন্ডেই নিশ্চিত করেছেন। তা ছাড়া আরও প্রায় ৫০ জন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলেও জানান তিনি।
কয়েক দিনে ভারতের বিভিন্ন রাজ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর তাপমাত্রা রেকর্ড হয়েছে। তাপমাত্রা আগামী কয়েক দিনে আরও ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
তীব্র দাবদাহের কারণে সোমবার (১৭ এপ্রিল) থেকে ছয় দিনের জন্য রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।
সূত্র : এনডিটিভি