প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৫১ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৭:৪২ পিএম
সুইডেনের দ্বিতীয় বড় দল হতে যাচ্ছে অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটস।
সুইডেনের সাধারণ নির্বাচনে রক্ষণশীল দলগুলোর জোট এগিয়ে রয়েছে। আল-জাজিরা জানিয়েছে, রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে উগ্র ডানপন্থিদের উত্থানের সুবাদে ক্ষমতাসীনদের চেয়ে তারা সামান্য ব্যবধানে এগিয়ে আছে।
এখন পর্যন্ত ৯৩ শতাংশ নির্বাচনি এলাকার ভোট গণনা শেষে মডারেটস, সুইডেন ডেমোক্র্যাটস, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস ও লিবারেলস পার্লামেন্টে ৩৪৯ আসনের ১৭৬টিতে জয় পেতে যাচ্ছে। আর ১৭৩ আসনে জয়ী হচ্ছে প্রধানমন্ত্রী মাগডালেনা অ্যান্ডারসনের নেতৃত্বাধীন মধ্য বামপন্থিরা।
তবে, রক্ষণশীল জোটের নেতৃত্বে থাকা মডারেটস নেতা উলফ ক্রিস্টারসন বলেছেন, ভোটের ফলাফল এখনও পরিবর্তন হতে পারে। তিনি বলেন, নতুন ও শক্তিশালী সরকার গঠনে তিনি প্রস্তুত আছেন।
অ্যান্ডারসনের সোশ্যাল ডেমোক্র্যাটস আট বছর ধরে ক্ষমতায় রয়েছে। অ্যান্ডারসন বলেন, ফলাফলের বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ভোটের রাতে তিনি পরাজয়ও স্বীকার করেননি।
আগামী বুধবারের আগে চূড়ান্ত ফলাফল ঘোষণার সম্ভাবনা দেখছে না বলে জানিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ। প্রবাসী ও আগাম ভোটের সর্বশেষ ব্যালটটি গণনার পরই ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনি প্রচারে অভিবাসন, অপরাধ ও গোলাগুলি নিয়ে উদ্বেগের মতো প্রথাগত ডানপন্থি ইস্যুগুলো গুরুত্ব পেয়েছে। তবে জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির সংকট সামাল দেওয়ায় দলের চেয়েও অ্যান্ডারসনকে বেশি জনপ্রিয় হিসেবে দেখা হয়।
গত বছর সুইডেনের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার আগে সাত বছর অর্থ মন্ত্রণালয় সামলেছেন অ্যান্ডারসন। অন্যদিকে ডানপন্থিদের ঐক্যবদ্ধ করতে এবং তাকে ক্ষমতা থেকে সরাতে নিজেকে একমাত্র প্রার্থী হিসেবে তুলে ধরেন ক্রিস্টারসন।
ক্রিস্টারসনের মডারেটসকে সরিয়ে সুইডেনের দ্বিতীয় বড় দল হতে যাচ্ছে অভিবাসনবিরোধী সুইডেন ডেমোক্র্যাটস। দীর্ঘ সময় ধরে সহিষ্ণুতা ও উদারতার জন্য পরিচিত দেশটির রাজনীতিতে এটি ঐতিহাসিক পরিবর্তন।
উগ্র ডানপন্থিদের নিয়ন্ত্রণে রাখা এখন ক্রিস্টারসনের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। এ নির্বাচনে তার নেতৃত্বাধীন মডারেটসরা ১৯ শতাংশ ভোট পেতে যাচ্ছে। উগ্র ডানপন্থি সুইডেন ডেমোক্র্যাটস পেতে যাচ্ছে ২০ দশমিক ৫ শতাংশ ভোট।
প্রবা/জিজি/এমজে