প্রবা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩২ পিএম
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪৫ পিএম
প্রাক্তন প্রেমিকার সঙ্গে ইলন মাস্ক
প্রাক্তনের চলে যাওয়া আনন্দ কিংবা দুঃখের যেকোনোটাই হতে পারে। তবে একটা সময় পরে প্রাক্তনের স্মৃতিচিহ্ন বা উপহার হয়ে উঠতে পারে ভীষণ মূল্যবান। আর আপনার সে প্রাক্তন যদি হয় বিশ্বের অন্যতম ধনকুবের, তবে তার দেওয়া স্মৃতিচিহ্ন বেচেই পেতে পারেন হাজার হাজার ডলার।
সম্প্রতি তেমনই একটি নিলামের কথা জানা যায় সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে। ধনকুবের ও টেসলার কর্ণধার ইলন মাস্কের প্রাক্তন প্রেমিকা তার সঙ্গে সম্পর্ক থাকাকালে তোলা ছবি এবং স্মৃতিচিহ্ন নিলামে তুলছেন। মাস্কের কলেজ বান্ধবী ও প্রাক্তন প্রেমিকা জেনিফার গুয়েন, বোস্টন-ভিত্তিক নিলাম সংস্থা আরআর মাধ্যমে স্মৃতিচিহ্নগুলো বিক্রি করছেন।
আরআর এক বিবৃতিতে জানিয়েছে, ১৯৯৪ সালে একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে আবদ্ধ হন গুয়েন ও মাস্ক। তখন দুজনই একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসে আবাসিক উপদেষ্টা হিসেবে কাজ করতেন। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পরপরই মাস্ক স্ট্যানফোর্ডে একটি ডক্টরাল প্রোগ্রাম শুরু করেন। কিন্তু সে সময় তার প্রথম স্টার্টআপ জিপটু চালু করতে গিয়ে প্রোগ্রামটি থেকে বাদ পড়েন তিনি।
পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাবস্থায় মাস্কের এবং গুয়েনের সঙ্গে সম্পর্ক থাকাকালে তাদের কিছু ছবি ও স্মৃতিচিহ্ন নিলামে তোলা হয়েছে। নিলামে তোলা স্মৃতিস্মারকগুলোর মধ্যে মাস্কের ছাত্রাবস্থার ১৮ টি ক্যানডিড ছবি রয়েছে। সেই সঙ্গে মাস্ক ও গুয়েনের একান্তে কাটানো সময়ের কয়েকটি ছবিও রয়েছে।
চকচকে ছবিগুলো দেখে বোঝা যায়, বিশ্বের অন্যতম শীর্ষ এ ধনী ছিলেন অন্য আর পাঁচজন সাধারণ কলেজছাত্রের মতোই। ছাত্রাবাসে অলস সময় কাটানো, তার সহকর্মী আবাসিক উপদেষ্টাদের সঙ্গে আড্ডা দেওয়া, বান্ধবীর সঙ্গে একান্ত সময় কাটানো ছিল দিনযাপনের অংশ।
আরআর জানিয়েছে, যে উপহারটির বর্তমান দর সবচেয়ে বেশি, তা হলো মাস্কের স্বাক্ষরিত একটি জন্মদিনের কার্ড। ১৯৯৪ সালে গুয়েনের জন্মদিনে একটি নেকলেসসহ কার্ডটি উপহার দিয়েছিলেন তিনি।
কার্ডে লেখা ছিল, ‘শুভ জন্মদিন, জেনিফার (ওরফে, বু-বু), ভালোবাসা, ইলন।’ রবিবার সকাল পর্যন্ত এর সর্বোচ্চ দর আসে প্রায় সাত হাজার ডলার। আরআর ধারণা করছে, কার্ডটি ১০ হাজার ডলারেরও বেশি দামে বিক্রি হতে পারে। আগামী বুধবার পর্যন্ত এ নিলাম চলবে, টেসলা কর্ণধারের অনুরাগীরা এ সময় পর্যন্ত নিলামে অংশ নিতে পারবেন। এরপর নিলাম বন্ধ করে দেওয়া হবে।
প্রবা/এনএস/এমআই