× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিশোধ নিতে হামলা চালিয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন করেছে রাশিয়া : জেলেনস্কি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৯ পিএম

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২ ১৯:০২ পিএম

রুশ বাহিনীর হামলার পর আগুন নেভাতে চেষ্টা করছেন দমকলকর্মীরা

রুশ বাহিনীর হামলার পর আগুন নেভাতে চেষ্টা করছেন দমকলকর্মীরা

রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা কিছু অঞ্চল ফের দখলে নিয়েছে ইউক্রেন বাহিনী। তারই প্রতিশোধ নিতে পূর্ব ইউক্রেনজুড়ে বেসামরিক অবকাঠামোয় হামলা চালিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

খারকিভের মেয়র ইহোর তেরেখভের বরাতে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় পূর্ব খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলের বেসামরিক অবকাঠামোয় রাশিয়ার হামলায় তার শহরের বেশিরভাগ অংশ পানি ও বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

তবে শহরের মেয়র বলেন, পরবর্তী সময়ে তার এলাকায় বিদ্যুৎ পুনরুদ্ধার করা হয়েছে।

ইউক্রেন রুশ বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে তিন হাজার বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা পুনরুদ্ধার করার কথা জানানোর পর পরই এ হামলা চালায় মস্কো।

শুক্রবার ইউক্রেন বাহিনী প্রধান শহর বালাক্লিয়ায় প্রবেশ করে। এতে পিছু হটতে বাধ্য হয় রুশ বাহিনী। পরবর্তী সময়ে ওই শহর থেকে সৈন্য প্রত্যাহারের বিষয় নিশ্চিত করে মস্কো।

শনিবার রাশিয়ার নিয়ন্ত্রণে নেওয়া গুরুত্বপূর্ণ অঞ্চল ইজিয়াম ও কুপিয়ানস্কও ফের দখলে নিয়ে নেয় ইউক্রেন বাহিনী। উভয় শহর থেকেই মস্কো সেনাদের পিছু হটতে হয়েছে।

ইজিয়ামের মেয়র ভ্যালেরি মার্চেনকো বলেন, মার্চ মাসে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়ার পর এবার তা কিয়েভের দখলে এসেছে। এবার এলাকা ছেড়ে যাওয়া বাসিন্দারা ১০ দিনের মধ্যে শহরে ফিরে আসতে পারবেন বলেও জানান তিনি।

এরই প্রতিশোধ নিতে ইউক্রেনের খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলজুড়ে মস্কো পাল্টা আক্রমণ চালায়।

বিবিসির আন্তর্জাতিক সংবাদদাতা ওরলা গুয়েরিন খারকিভ থেকে রিপোর্ট করেন, শনিবার সন্ধ্যার পরে আরও দুটি ক্ষেপণাস্ত্র হামলার মতো শব্দ শোনা গিয়েছিল।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ মস্কোর হামলাকে ইউক্রেন বাহিনীর সাম্প্রতিক সাফল্যের বিপরীতে প্রতিশোধ নেওয়ার একটি জঘন্য ও নিষ্ঠুরতম প্রচেষ্টা বলে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জরুরি পরিষেবাগুলো ক্ষয়ক্ষতি নিরূপণ ও আগুন নেভাতে কাজ করছে।

প্রতিবেশী সুমি অঞ্চলের গভর্নর জানান, শুধু একটি জেলায় ১৩০টিরও বেশি বসতি বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। দিনিপ্রোপেট্রোভস্ক ও পোল্টাভা অঞ্চলেও একই সমস্যার কথা বলা হয়েছে।

অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পর একটি টেলিগ্রাম বার্তা প্রকাশ করেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বার্তায় বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ চালানোর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেন তিনি।

জেলেনস্কি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় এক হাজার বর্গ কিমি পুনর্দখল করেছে ইউক্রেন বাহিনী। শনিবার সন্ধ্যায় এই সংখ্যা বেড়ে দুই হাজার বর্গ কিমি হয়। রবিবার তা তিন হাজারে দাঁড়ায়।

যদিও ইউক্রেনের যে পরিমাণ এলাকা পুনরুদ্ধারের দাবি করেছে তা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।

রাশিয়া এখনও ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ অঞ্চল দখল করে আছে। তাই এ যুদ্ধ দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা নেই বলে ধারণা করছেন অনেকে।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা