প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৩ ১৩:১৮ পিএম
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩ ১৩:৩৮ পিএম
চলতি বছরের প্রথম তিন মাসে তিউনিসিয়া থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করার সময় ১৪ হাজারেরও বেশি অভিবাসীপ্রত্যাশীকে আটক বা উদ্ধার করা হয়। ছবি: সংগৃহীত
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার সময় তিউনিসিয়ার পূর্ব উপকূলের কাছে দুটি নৌকা ডুবে অন্তত ২৩জন ইউরোপ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ এবং ৪ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (৮ এপ্রিল) এ দুর্ঘটনা ঘটে বলে জানান স্ফ্যাক্স আদালতের বিচারক ফৌজি মাসমুদি। তিনি আরও বলেন, উপকূলরক্ষীরা দক্ষিণাঞ্চলীয় শহর স্ফ্যাক্স থেকে ৫৩ জনকে জীবিত উদ্ধার করেছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগেও তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বেশ কিছু নৌকা ডুবির কারণে হতাহতের ঘটনা ঘটেছে। মূলত সাম্প্রতিক সময়ে অভিবাসনপ্রত্যাশীদের ইতালি যাওয়ার প্রবণতা বাড়ায় এমন দুর্ঘটনার হারও উল্লেখযোগ্য হারে বেড়ে যাচ্ছে।
ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে আসা মানুষের জন্য তিউনিসিয়া যাত্রা শুরুর একটি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, তিউনিসিয়ার আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে উত্তর আফ্রিকা থেকে অভিবাসনপ্রত্যাশীদের একটি বিশাল ঢেউ দেখতে হবে ইউরোপকে।
শুক্রবার ন্যাশনাল গার্ড জানিয়েছে, চলতি বছরের প্রথম তিন মাসে তিউনিসিয়া থেকে ইউরোপে প্রবেশের চেষ্টা করার সময় ১৪ হাজারেরও বেশি অভিবাসীপ্রত্যাশীকে আটক বা উদ্ধার করা হয়। ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার এ চেষ্টা গত বছরের একই সময়ের তুলনায় পাঁচগুণেরও বেশি। আর এসব অভিবাসীপ্রত্যাশীদের বেশিরভাগই সাব-সাহারা আফ্রিকা অঞ্চলের বাসিন্দা।
সূত্র: রয়টার্স