প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২২ ২২:২৯ পিএম
স্যান্ডউইচে মেয়োনিজ বেশি দেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার এক পর্যায়ে রেস্তোরাঁ কর্মীকে গুলি করে হত্যা করে এক গ্রাহক। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের আটলান্টায়। খবর এনডিটিভির।
স্থানীয় পুলিশের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, এ দুর্ঘটনায় দু’জন নারী গুলিবিদ্ধ হন। যেখানে ২৬ বছর বয়সী নারী কর্মী ঘটনাস্থলেই নিহত হন এবং ২৪ বছর বয়সী অন্য নারীটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর ৩৬ বছর বয়সী সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানায় পুলিশ।
রেস্তোরাঁর মালিক উইলি গ্লেন জানিয়েছেন, বিশ্বাসযোগ্য না হলেও এটি সত্য যে স্যান্ডউইচে সামান্য মেয়োনিজ বেশি হওয়া হওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গুলিবিদ্ধ দুই কর্মচারী তিন বা চার সপ্তাহ ধরে এই রেস্তোরাঁয় কাজ করেছিলেন বলে জানান তিনি।
আটলান্টা পুলিশ ডেপুটি চিফ চার্লস হ্যাম্পটন জুনিয়র বলেন, সন্দেহভাজন ব্যক্তি স্যান্ডউইচ অর্ডার করার জন্য রেস্তোরাঁর ভিতরে প্রবেশ করেন। স্যান্ডউইচটি নিয়ে তিনি কিছু ভুল দেখতে পান, যা তাকে এতটাই বিরক্ত করে তুলে যে সে দুই কর্মচারীর উপর তার রাগ বহিপ্রকাশ ঘটায়।
গ্লেন জানান, যে কর্মচারীকে হত্যা করা হয়েছিল তখন তার পাঁচ বছর বয়সী ছেলেও দোকানে উপস্থিত ছিল। এছাড়া একজন কর্তব্যরত ম্যানেজার সন্দেহভাজন ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালালে তা ব্যর্থ হয়ে যায় বলেও উল্লেখ করেন রেস্তোরাঁর মালিক।