প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩ ১১:৪৬ এএম
আপডেট : ০৬ এপ্রিল ২০২৩ ১৩:৩২ পিএম
বিমানবাহী রণতরি শানডংকে নজরদারিতে রেখেছে তাইওয়ানের নৌবাহিনী। ছবি : সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে বৈঠককে কেন্দ্র করে তাইওয়ান প্রণালিজুড়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ওই বৈঠকের প্রতিক্রিয়ায় দ্বিতীয় বিমানবাহী রণতরি শানডংকে পশ্চিম তাইওয়ানের কাছেই প্রশান্ত মহাসাগরে একটি মহড়ায় নিযুক্ত করেছে চীন।
তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী চিউ কুও-চেং বৃহস্পতিবার (৬ এপ্রিল) সংসদে সাংবাদিকদের বলেন, বিমানবাহী রণতরি তাইওয়ানের পূর্ব উপকূল থেকে মাত্র ৩৭০ কিলোমিটার দূরে ছিল।
চিউ বলেন, ‘এটি মহড়া হলেও মাথায় রাখতে হবে যে সময়টি বেশ সংবেদনশীল।’
পরে তিনি আইনপ্রণেতাদের বলেন, তাইওয়ানের যুদ্ধজাহাজগুলো ৫ থেকে ৬ নটিক্যাল মাইল দূরত্বে রণতরিটিকে পর্যবেক্ষণ করছে।
শানডং হলো চীনের প্রথম অভ্যন্তরীণভাবে নির্মিত বিমানবাহী রণতরি। বুধবার তাইওয়ানের দক্ষিণে বাশি চ্যানেলের মধ্য দিয়ে এবং চীনা নৌবাহিনীর বেশ কয়েকটি অন্য জাহাজের সঙ্গে এটি প্রশান্ত মহাসাগরে যাত্রা করেছিল।
চীনের রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমস বলেছে, সুদূর সমুদ্র অপারেশন এবং চীনের জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত শানডং।
রাষ্ট্রীয় মিডিয়া বলছে, পিএলএ (পিপলস লিবারেশন আর্মি) ইস্টার্ন থিয়েটার কমান্ড এক সপ্তাহ ধরে চীনের পূর্ব উপকূলজুড়ে স্থল, সমুদ্র ও আকাশে ‘নিবিড় মহড়া’ চালিয়েছে।
মহড়াটি এমন সময় হলো যখন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যে ম্যাকার্থির সঙ্গে দেখা করছেন।
ওই বৈঠকে ক্ষিপ্ত হয়ে তীব্র নিন্দা জানিয়েছে বেইজিং।
এদিকে সাইকে ‘যুক্তরাষ্ট্রের একজন মহান বন্ধু’ হিসেবে বর্ণনা করেছেন ম্যাকার্থি।
তাদের আলোচনার পর এক সংবাদ সম্মেলনে ম্যাকার্থি যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, ‘তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে বন্ধুত্ব মুক্ত বিশ্বের জন্য গভীর গুরুত্বের বিষয় এবং অর্থনৈতিক স্বাধীনতা, শান্তি এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ।’
অন্যদিকে সাই বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের উপস্থিতি এবং অটল সমর্থন তাইওয়ানের জনগণকে আশ্বস্ত করে যে, আমরা বিচ্ছিন্ন নই এবং আমরা একা নই। আমরা যখন একসঙ্গে থাকি তখন আমরা আরও শক্তিশালী।’
সূত্র : আলজাজিরা