প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৫:১৯ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৬:৫৩ পিএম
২০২২ সালের আগস্টে কিয়েভে একটি বৈঠকের সময় পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত
পোল্যান্ড পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ওয়ারশ জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে দেশের বাইরে তার ব্যতিক্রমী সফরের সর্বশেষ এটি।
পোল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয়ের সিনিয়র কর্মকর্তা মার্সিন প্রজাইডাকজ টিভিএন২৪ টেলিভিশনকে বলেছেন, প্রেসিডেন্ট পোলিশ সীমান্ত অতিক্রম করেছেন। তিনি এখন পোলিশ অঞ্চলে আছেন।
সফরের আগে মঙ্গলবার (৪ এপ্রিল) টেলিভিশনে দেওয়া মন্তব্যে প্রজাইডাকজ বলেন, ‘এ সফর আস্থার চিহ্ন। পোল্যান্ড ও পোলসকে ধন্যবাদ জানানো উচিত।’
গত ১৩ মাসের যুদ্ধে পোল্যান্ড ১ মিলিয়নের বেশি ইউক্রেনীয় শরণার্থী গ্রহণ করেছে। অন্যান্য পশ্চিমা শক্তিকে ইউক্রেনে যুদ্ধট্যাংক ও অন্যান্য অস্ত্র সরবরাহে রাজি করাতেও ন্যাটো সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ মঙ্গলবার বলেছেন, মিগ যুদ্ধবিমান সরবরাহের পথ পরিষ্কার করার জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞ কিয়েভ।
প্রজাইডাকজ বলেছিলেন, এ সপ্তাহের শুরুতে প্রথম ধাপের মিগগুলো ইউক্রেনে পৌঁছে দেওয়া হয়েছে।
রেজনিকভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে লিখেছেন, ‘পোল্যান্ডের মিগগুলো আমাদের প্রতিরক্ষাকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে, আমাদের আকাশকে আরও নিরাপদ করবে, আমাদের নাগরিকদের জীবন বাঁচাতে এবং রাশিয়ান আক্রমণের ফলে সৃষ্ট ধ্বংস কমাতে সাহায্য করবে।’
জেলেনস্কি পোল্যান্ড সফরে দেশটির রাষ্ট্রপতি আন্দ্রেজ ডুদা ও প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সঙ্গে দেখা করবেন এবং ইউক্রেনীয় শরণার্থী ও পোলিশ জনসাধারণের সঙ্গে কথা বলবেন।
পোল্যান্ড বলেছে, উভয় পক্ষের আলোচনা ইউক্রেনীয় ফ্রন্টলাইন, আন্তর্জাতিক সমর্থন এবং অর্থনৈতিক সহযোগিতার উন্নয়নের ওপর ফোকাস করবে।
সূত্র : স্ট্রেইটস টাইমস