প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১৩:৪১ পিএম
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১৪:২৩ পিএম
উদ্ধারকৃতদের দক্ষিণ ফ্রান্সের হায়েরেসের গিয়েন্স ক্যাপ লেভান্ট হলিডে ক্যাম্পে বিশ দিন রাখা হবে। ছবি : সংগৃহীত
বিপদ সংকেতে সাড়া দিয়ে উদ্ধারকারী একটি জাহাজ ১১ ঘন্টার অভিযানের পরে মাল্টার একটি নৌকা থেকে ৪৪০ অভিবাসীকে উদ্ধার করেছে।
ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) বুধবার (৫ এপ্রিল) এ খবর জানিয়েছে।
দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস এক টুইটে বলেছে, বৈরী আবহাওয়ার কারণে ভূমধ্যসাগরে আশ্রয় স্থলের দিকে যাওয়ার সময় তাদের উদ্ধারকারী জাহাজ জিও বারেন্টস ওই বিপদ সংকেত পেয়েছিল।
এমএসএফ বলেছে, ঝড়ো সমুদ্রে ১০ ঘণ্টার বেশি ভ্রমনের পর গত মঙ্গলবার ভোর ৪:০০ টায় জিও ব্যারেন্টস অবশেষে নৌকার কাছে পৌঁছায়।
জিও ব্যারেন্টস জানিয়েছে, ‘দুর্ভাগ্যবশত, খারাপ আবহাওয়া আমাদের দলকে সরাসরি উদ্ধার কাজ করার ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করেছিল। এতে অভিবাসী এবং এমএসএফ দলের জীবনকে বিপন্ন করতে পারে এমন আশঙ্কা দেখা দেয়।’
কিন্তু, বিকেলের দিকে জিও ব্যারেন্টস তার স্পিড বোটগুলো চালু করতে সক্ষম হয়েছিল। এমএসএফ স্পিড বোটের মাধ্যমে অভিবাসীদের জাহাজে তুলে নিয়ে আসে।
লাইফ জ্যাকেট পরা লোকেদের সঙ্গে নীল এবং সাদা নৌকার ডেকের ছবিসহ টুইট করেছে এমএসএফ।
দাতব্য সংস্থাটি টুইটে বলেছে, ‘১১ ঘন্টারও বেশি অভিযানের পরে উদ্ধারকাজ এখন শেষ হয়েছে। ৮ জন নারী এবং ৩০ জন শিশুসহ মোট ৪৪০ জন এখন নিরাপদে জিওব্যারেন্টসে রয়েছে এবং উদ্ধারকারী টিম তাদের সেবা প্রদান করছে।’
সূত্র : আরব নিউজ