প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৩৭ পিএম
ইকুয়েডরের কারাগারে ২০২১ সালে দাঙ্গায় ৭৯ জনের মৃত্যু হয়েছিল। ছবি : এপি
ইকুয়েডরে সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট একটি কারাগারে গত মঙ্গলবার (৪ এপ্রিল) ছড়িয়ে পড়া ব্যাপক দাঙ্গায় তিন বন্দী প্রাণ হারিয়েছে।
কারাগারে সহিংসতার ক্ষেত্রে এটি ছিল দেশটির সর্বশেষ ঘটনা। খবরটি নিশ্চিত করেছে দেশটির সরকার।
এসএনএআই এজেন্সি জানায়, ইউকুয়েডরের বন্দর নগরী গুয়াকুইলের লা রোকা কারাগারে সর্বশেষ এ দাঙ্গা ছড়িয়ে পড়ে।
এই গুয়াকুইল হচ্ছে বিশ্বব্যাপী মাদক ব্যবসার একটি ক্রমবর্ধমান স্নায়ুকেন্দ্র।
এসএনএআই-এর এক বিবৃতিতে বলা হয়েছে, দাঙ্গা ছড়িয়ে পড়ার পর কারাগারের বিভিন্ন এজেন্ট, পুলিশ এবং সামরিক বাহিনী নিরাপত্তা প্রোটোকল সক্রিয় করার মাধ্যমে সেখানের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়েছে।
সর্বোচ্চ নিরাপত্তা বিশিষ্ট এ কারাগারে প্রায় ১৫০ জন কয়েদি রাখার ব্যবস্থা রয়েছে।
তবে দাঙ্গা ছড়িয়ে পড়ার সময় সেখানে ২৩ জন বন্দি ছিল। আর তাদের অধিকাংশই ছিল মাদক পাচারকারী চক্রের নেতা।
২০২১ সালের ফেব্রুয়ারি থেকে ইকুয়েডরের বেশ কয়েকটি কারাগারে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়তে দেখা গেছে।
ওই সব সহিংসতায় প্রায় ৪০০ জন প্রাণ হারায়। এদের অনেককে শিরশ্চেদ করে বা পুড়িয়ে মেরে ফেলা হয়।
সূত্র : এএফপি