× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরায়েলি পুলিশের হামলা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৩ ০৯:১০ এএম

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩ ১২:৪৭ পিএম

আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সামনে ইসরায়েলি পুলিশ। ছবি : সংগৃহীত

আল-আকসা মসজিদ প্রাঙ্গণের সামনে ইসরায়েলি পুলিশ। ছবি : সংগৃহীত

ইসরায়েলি পুলিশ জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক ডজন মুসল্লির ওপর হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার (৫ এপ্রিল) ভোরের আগে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

এ ঘটনার পর অধিকৃত পশ্চিম তীর জুড়ে শুরু হয় বিক্ষোভ। দক্ষিণের শহরগুলোয় সাইরেন বাজানোর পর গাজা থেকে ৯টি রকেটও নিক্ষেপ করা হয় বলে দাবি করে ইসরায়েলি সামরিক বাহিনী।

প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট জানিয়েছে, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনিদের ওপর রাবার-টিপড বুলেট চালানো ও মারধর করা হয়। এ ছাড়া ইসরায়েলি বাহিনী আহতদের চিকিৎসা করতে যাওয়া চিকিৎসকদের মসজিদে পৌঁছাতেও বাধা দেয়। এক বৃদ্ধা নারী মসজিদের বাইরে রয়টার্সকে বলেন, ‘আমি একটি চেয়ারে বসে (কুরআন) তেলাওয়াত করছিলাম। তারা (ইসরায়েলি পুলিশ) স্টান গ্রেনেড নিক্ষেপ করলে তার একটি আমার বুকে আঘাত করে,’ বলেই তিনি কাঁদতে শুরু করেন। এর কারণে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল।

ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, কিছু মুখোশধারী আন্দোলনকারী তাদের সঙ্গে বিস্ফোরক, লাঠিসোঁটা ও পাথর নিয়ে মসজিদের ভিতরে নিজেদের আটকে রাখে। যে কারণে পুলিশ বাহিনীকে বাধ্য হয়ে মসজিদের ভেতরে প্রবেশ করতে হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশ মসজিদের ভেতর ঢুকলে তাদের লক্ষ করে পাথর ও বিস্ফোরক ছোড়ে আন্দোলনকারীরা। এতে একজন পুলিশ কর্মকর্তা পায়ে আঘাত পান। ইসরায়েলি পুলিশের দাবি, আন্দোলনকারীদের দাঙ্গার প্রতিক্রিয়ায় তারা এ হামলা চালিয়েছেন।

ফিলিস্তিনিরা এ হামলাকে অপরাধ হিসেবে বর্ণনা করে উপাসকদের ওপর ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, ‘আমরা পবিত্র স্থানগুলোয় রেডলাইন অতিক্রম করার বিরুদ্ধে দখলদারদের সতর্ক করছি। এ ধরনের ঘটনা ব্যাপকভাবে ক্ষোভের বিস্ফোরণ ঘটাবে।’

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, এ ঘটনার পর গাজা থেকে ইসরায়েলের দিকে ৯টি রকেট নিক্ষেপ করা হয়। যার মধ্যে অন্তত চারটি প্রতিহত করা হয়েছে এবং চারটি খোলা জায়গায় গিয়ে পড়েছে।

এর আগেও আল-আকসা নিয়ে ইসরায়েল-ফিলিস্তিনিদের মধ্যে বড় ধরনের অনেক সংঘাত হয়েছে। এসব সংঘাতে শত শত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

এদিকে গত বছর থেকে অধিকৃত পশ্চিম তীর ও জেরুজালেমে সহিংসতা বেড়েছে কয়েক গুণ। মূলত চলতি মাসে ফিলিস্তিনি মুসলিমদের পবিত্র রমজান মাস অন্যদিকে ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার ও খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার একই সময়ে হওয়ার কারণে এলাকাগুলো জুড়ে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র : রয়টার্স

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা