প্রবা ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৯ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২ ১৬:২৬ পিএম
ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হলেন তৃতীয় চার্লস
ব্রিটেনের রাজা হিসেবে অভিষিক্ত হলেন রানী দ্বিতীয় এলিজাবেথের বড় সন্তান তৃতীয় চার্লস। লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে ঐতিহাসিক রীতির মধ্য দিয়ে তৃতীয় চার্লসকে রাজা ঘোষণা করার আনুষ্ঠানিকতা শুরু হয় আজ।
বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে অ্যাকসেশন কাউন্সিলের সামনে তার অভিষেক অনুষ্ঠান শুরু হয়। তৃতীয় চার্লসকে রাজা ঘোষণার আগে অ্যাকসেশন কাউন্সিল আনুষ্ঠানিকভাবে রানীর মৃত্যু ঘোষণা করে।
এরপর অনুষ্ঠানে সমবেত গণ্যমান্য ব্যক্তিদের সম্বোধন করে রাজা চার্লস তার মা ও স্ত্রী ক্যামিলার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
অ্যাকসেশন কাউন্সিল সভা থেকে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রানীর উত্তরাধিকারী ঘোষণা করা হয়।
এরপর নতুন রাজা চার্লসও তার বক্তব্য প্রদান করেন। যেখানে তিনি ব্যক্তিগতভাবে তার মা প্রয়াত রানীর মৃত্যু ঘোষণা করেন। এরপর চার্চ অব স্কটল্যান্ডের নিরাপত্তা বিধানে শপথ গ্রহণ করেন। প্রথমবারের মতো এই অনুষ্ঠান সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হয়।
ঘোষণাপত্রে স্বাক্ষর করছেন নতুন রাজা
কাউন্সিলের আয়োজিত সভায় পেনি মর্ডান্ট অনুমোদনের জন্য ঘোষণার খসড়া আদেশ পাঠ করেন, রাজা তৃতীয় চার্লস একে একে তা অনুমোদন করেন। রাজা প্রিভি কাউন্সিলের সামনে শপথ গ্রহণের পর সে নথিতে স্বাক্ষর করেন। সভায় উপস্থিত সবাই এ নথিতে স্বাক্ষর করেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকতার প্রথম পর্ব শেষ হয়। আর সিংহাসন কক্ষ থেকে বের হয়ে আসেন অতিথিরা।
দ্বিতীয় পর্বে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদের ফ্রিয়ার কোর্ট ব্যালকনি থেকে জনগণের সামনে প্রকাশ্যে ঘোষণা করা হয় নতুন রাজার নাম।
দ্য গার্টার কিং অফ আর্মস চূড়ান্ত ঘোষণা পাঠ করেন
দ্য গার্টার কিং অফ আর্মস এ চূড়ান্ত ঘোষণা পাঠ করে বলেন, ‘সৃষ্টিকর্তা, রাজাকে রক্ষা করুন ।’এ সময় ট্রাম্পেটের তুর্যনিনাদের সঙ্গে লন্ডনের হাইড পার্ক ও টাওয়ার অব লন্ডন থেকে তোপধ্বনি করা হয়। বাজানো হয় জাতীয় সঙ্গীত।
প্রবা/এনএস/এসআর