প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩ ১১:৩৮ এএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৩ ১৩:২৯ পিএম
পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন হিসেবে পরিচিত বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো। ছবি : সংগৃহীত
রাশিয়া ন্যাটো দেশগুলোর সীমান্তের কাছে বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপন করবে।
বিষয়টি নিশ্চিত করেছেন মিনস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ।
তবে বিশ্লেষকদের মতে, এ ঘোষণা পশ্চিমের সঙ্গে মস্কোর উত্তেজনা বাড়াতে পারে।
বেলারুশে রাশিয়ার রাষ্ট্রদূত বরিস গ্রিজলভ রবিবার (২ এপ্রিল) রাতে বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে অস্ত্রগুলো দেশের পশ্চিম সীমান্তে স্থাপিত হবে।’
বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশনকে গ্রিজলভ বলেন, ‘ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও এটি করা হবে।’
তবে অস্ত্রগুলো ঠিক কোথায় রাখা হবে তা উল্লেখ না করেই তিনি বলেন, ‘একটি স্টোরেজ অবকাঠামো নির্মাণের কাজ ১ জুলাইয়ের মধ্যে শেষ হবে।’
গত মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র স্থাপনের পরিকল্পনা ঘোষণা করার পর বেলারুশে নিযুক্ত তার রাষ্ট্রদূতের কাছ থেকে এমন মন্তব্য এলো।
লিথুয়ানিয়া, লাটভিয়া ও পোল্যান্ডের সঙ্গে সীমানা রয়েছে বেলারুশের। এরা সবাই ন্যাটোর সদস্য।
এ সামরিক জোটটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে সোভিয়েত সম্প্রসারণ রোধ করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসনের পর থেকে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া ও পোল্যান্ডে ন্যাটো তাদের সেনাসংখ্যা প্রায় ১০ গুণ বাড়িয়েছে।
বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো পুতিনের ঘনিষ্ঠ মিত্রদের একজন হিসেবে পরিচিত।
গত শুক্রবার তিনি বলেছেন, রাশিয়ার কিছু কৌশলগত পারমাণবিক অস্ত্র তার দেশে মোতায়েন করা হতে পারে।
সূত্র : আলজাজিরা