প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১১:০৩ এএম
আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৩:৩৮ পিএম
আটককৃত দুই ব্রিটিশ নাগরিক মাইলস রাউটলেজ ও কেভিন কর্নওয়েল। ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের তিনজন নাগরিককে আটক করেছে তালেবান। যুক্তরাজ্যের অলাভজনক গোষ্ঠী প্রেসিডিয়াম নেটওয়ার্ক শনিবার (১ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।
প্রেসিডিয়াম নেটওয়ার্কটি এক টুইট বার্তায় জানিয়েছে, তারা ভুক্তভোগী দুটি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আফগানিস্তানে আটক ব্রিটিশ নাগরিকদের সঙ্গে কনস্যুলার যোগাযোগ নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা পরিবারগুলোকেও সহায়তা করছি।’
প্রেসিডিয়াম নেটওয়ার্কের স্কট রিচার্ডস স্কাই নিউজকে বলেন, ‘আমরা বিশ্বাস করি, তারা (আটককৃত ব্যক্তিরা) ভালো আছেন এবং তাদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই যে তারা নির্যাতনের মতো কোনো নেতিবাচক আচরণের শিকার হয়েছেন। আমাদের বলা হয়েছে, এই ধরনের পরিস্থিতিতে আশা করা যায়, তারা ততটা ভালো আছেন।’
তবে তালেবান কর্তৃপক্ষের সঙ্গে তাদের কোনো অর্থপূর্ণ যোগাযোগ হয়নি বলেও জানান তিনি।
এর মধ্যে দুজন ব্যক্তি গত জানুয়ারি থেকেই তালেবানদের কাছে আটক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তৃতীয় ব্যক্তি কবে থেকে আটক আছেন তা জানা যায়নি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, আটককৃত তিনজন হলেন ৫৩ বছর বয়সী দাতব্য চিকিৎসক কেভিন কর্নওয়েল, ত্রাণকর্মীদের জন্য একটি হোটেলের অজ্ঞাতনামা ব্যবস্থাপক ও ইউটিউব তারকা মাইলস রাউটলেজ।
এক টুইট বার্তায় প্রেসিডিয়াম নেটওয়ার্ক তালেবানকে উদ্দেশ করে বলে, ভুল-বোঝাবুঝির কারণে তিনজনকে আটকে রেখেছেন তারা। তাই ওই আটককৃতদের ছেড়ে দেওয়ার আহ্বানও জানানো হয়।
গত বছর এক প্রবীণ টেলিভিশন ক্যামেরাম্যান ও চার ব্রিটিশ নাগরিককে মুক্ত করে তালেবান। তাদের ছয় মাস ধরে আটকে রাখা হয়।
সূত্র : এএফপি