প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ১২:৪৩ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১৪:২৯ পিএম
দুর্ঘটনার শিকারদের অ্যাম্বুলেন্সের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি : সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে একটি মন্দিরের কূপের কংক্রিটের ঢাকনা ভেঙে ভেতরে পড়ে অন্তত ৩৫ জন নিহত এবং এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।
তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাম নবমীর উৎসব উদযাপনের জন্য ওই মন্দিরে ভক্তরা জড়ো হওয়ার পর দুর্ঘটনাটি ঘটে।
শুক্রবার (৩১ মার্চ) রয়টার্স বার্তা সংস্থাকে ইন্দোরের জেলা ম্যাজিস্ট্রেট ইলায়ারাজা টি বলেছেন, ‘আমরা ১৮ জনকে উদ্ধার করেছি। এ ছাড়া ৩৫ জনকে মৃত এবং ১৬ জনকে আহত অবস্থায় পাওয়া গেছে।’
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার রাতে ডুবো ক্যামেরায় কূপের ঘোলা জলে মৃতদেহ ভাসতে দেখা যাওয়ার পর উদ্ধারকাজ ত্বরান্বিত করা হয়।
প্রায় ১৪০ জনের একটি উদ্ধারকারী দল পানি পাম্প করার পর দড়ি এবং মই ব্যবহার করে কূপ থেকে মৃতদেহগুলো তুলে আনে। সরু পথ এবং কূপের ধ্বংসাবশেষ উদ্ধারকাজকে কঠিন করে তুলেছে বলে জানা গেছে।
পুলিশ কমিশনার মকরন্দ দেওসকার বলেছেন, কয়েক ডজন লোক মন্দির চত্বরে কূপে পড়েছিল।
মন্দির কর্তৃপক্ষ কয়েক বছর আগে ওই কূপের ব্যবহার বন্ধ করে দিয়েছিল এবং লোহার গ্রিল ও টাইলস দিয়ে মুখ ঢেকে দিয়েছিল।
রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, বিশাল জনতার ওজন সামলাতে না পারায় ঢাকনা ভেঙে পড়ে।
চৌহান বলেন, ১৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শহরটির পৌর কর্তৃপক্ষ জানুয়ারিতে মন্দিরের মালিকদের কূপের আবরণ অপসারণ করার নির্দেশ দিয়েছিল।
কারণ এটি একটি অনিরাপদ এবং অননুমোদিত কাঠামো ছিল। কিন্তু মন্দির কর্তৃপক্ষ সতর্কতা উপেক্ষা করে।
গত অক্টোবরে পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের একটি শতাব্দীপুরান কেবল সাসপেনশন ব্রিজ নদীতে ভেঙে পড়ে ১৩২ জন পানিতে ডুবে যান।
সূত্র : আলজাজিরা