প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মার্চ ২০২৩ ০৮:৫৫ এএম
আপডেট : ৩১ মার্চ ২০২৩ ১১:৪২ এএম
বিধ্বস্ত হওয়া দুটি এইচএইচ৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টার। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যে সামরিক বাহিনীর দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নয়জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মার্চ) দেশটির সেনাবাহিনী জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণ চলার সময় ওই হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
দেশটির সেনাবাহিনীর ১০১তম এয়ারবর্ন ডিভিশনের দুটি এইচএইচ৬০ ব্ল্যাক হক মডেলের হেলিকপ্টার ওই সামরিক প্রশিক্ষণে অংশ নেয়। বুধবার রাতে কেন্টাকির ট্রিগ এলাকায় ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটির কাছে হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়। তবে কী কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে জানতে তদন্ত চলছে।
সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল জন লুবাস সাংবাদিকদের বলেন, একটি হেলিকপ্টারে পাঁচজন এবং অন্যটিতে চারজন ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন।
ফোর্ট ক্যাম্পবেল সামরিক ঘাঁটি থেকে ১০১তম এয়ারবর্ন ডিভিশন পরিচালনা করা হয়। যা আকাশপথে হামলা চালানোর সেনাবাহিনীর একমাত্র বিভাগ। বিশ্বের বিভিন্ন বিরোধপূর্ণ অঞ্চলে পাঠানো হয়ে থাকে।
সূত্র : বিবিসি