প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩০ মার্চ ২০২৩ ১৩:৪৯ পিএম
আপডেট : ৩০ মার্চ ২০২৩ ১৪:৫১ পিএম
সড়কের আশেপাশে ডিজিটাল বিলবোর্ড টানিয়ে তাতে সম্ভাব্য পারমাণবিক হামলা হলে কী কী করণীয় সে বিষয়ে নির্দে শনাদিচ্ছে।
একবছরেরও বেশি সময় ধরে চলছে ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে রাশিয়া দেশটিতে পারমাণবিক হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হয়েছে বেশ কয়েকবার। সেসব আশঙ্কাগুলোকে গুজব বলে উড়িয়ে দিলেও এবার ক্রেমলিন নিজেই পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি নিতে শেখাচ্ছে রুশ জনগণকে। সড়কের আশেপাশে ডিজিটাল বিলবোর্ড টানিয়ে তাতে সম্ভাব্য পারমাণবিক হামলা হলে কী কী করণীয় সে বিষয়ে নির্দেশনা দিচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম ‘কশান, মস্কো’-এর প্রতিবেদনে বলা হয়, রুশ কর্তৃপক্ষ মস্কোতে ডিজিটাল বিলবোর্ড স্থাপন করেছে। যেখানে নাগরিকদের পারমাণবিক হামলা হলে কীভাবে ‘সারভাইভাল কিট’ প্রস্তুত করতে হবে সে নির্দেশনা দেয়া হচ্ছে।
প্রতিবেদনে আরও জানানো হয়, রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ভিডিওটি প্রচার করে। মস্কোর গোর্কি পার্কের কাছে থাকা স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ভিডিওটি ‘রাসায়নিক ও পারমাণবিক হামলার ক্ষেত্রে’ কী করতে হবে সে সম্পর্কে লোকেদের নির্দেশনা দিচ্ছে।
তবে সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে ‘পারমাণবিক আক্রমণ বা রাসায়নিক আক্রমণ’ এ শব্দগুলো ব্যবহার করেনি।
এর আগে ক্রেমলিন পুরো দেশজুড়ে বম্ব শেল্টারগুলো সংস্কারের নির্দেশ দিয়েছে বলে জানা যায়।
মস্কো টাইমস ফেব্রুয়ারিতে জানায়, বর্তমান ও সাবেক রুশ কর্মকর্তারা জানিয়েছেন যুদ্ধের যেকোনো পর্যায়ে রাশিয়াকে লক্ষ্যবস্তু করে হামলা চালাতে পারে ইউক্রেন। ক্রমবর্ধমান এ আশঙ্কার কারণে বম্ব শেলটার ও বাঙ্কারগুলো পরিদর্শন ও মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।
চলমান এ যুদ্ধের মধ্যে রুশ প্রেসিডেন্ট পুতিন বেশ কয়েকবার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। তবে কোনো দেশই প্রকাশ্যে মস্কোর বিরুদ্ধে এমন হুমকি দেয়নি। কিন্তু সম্প্রতি যুক্তরাজ্য ইউক্রেনকে ইউরেনিয়াম সমৃদ্ধ গোলা দেয়ার ঘোষণা দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে মস্কো। তারা জানায়, এ ধরনের অস্ত্রের ব্যবহারকে পারমাণবিক সরঞ্জাম হিসেবে বিবেচনা করে সেভাবে জবাব দেবে রাশিয়া।
পারমাণবিক অস্ত্র ব্যবহার করা নিয়ে দুই পক্ষের দ্বন্দ্বের মধ্যে রাশিয়ায় বিলবোর্ডে নির্দেশনা ভিডিওটি সামনে আসে। ভিডিওতে কীভাবে জরুরি স্যুটকেস বা বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম একত্রিত করতে হয় সে সম্পর্কে বিস্তারিত নির্দেশাবলী দেয়া হয়।
ভিডিওতে স্যুটকেসে যেসব কিটগুলো দেখানো হয় তা হলো: ফার্স্ট এইড কিট, হাত বা মাথার টর্চলাইট ও ব্যাটারি, হান্টিং ম্যাচ, ড্রাই অ্যালকোহল, গ্যাস, সেল ফোন, রেডিও ও ব্যাটারি সরবরাহ, ছুরি, প্রয়োজনীয় কিট যেমন- সুঁই, সুতা, খাবার, পানি (ন্যূনতম তিন দিনের জন্য), ডিস্পোজাল টেবিলওয়্যার, ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার সামগ্রী।
ভিডিওতে নাগরিকদের আরও তথ্যের জন্য রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়। মস্কোর সংবাদমাধ্যম এমএসকে১.আরইউ মন্ত্রণালয়কে উদ্ধৃতি করে ভিডিওটি আনুষ্ঠানিক বলে নিশ্চিত করে। তবে এ ভিডিওর বিষয়ে আর বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে মন্ত্রণালয়।
সূত্র: নিউজউইক