প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ২২:১৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৩ ২২:২০ পিএম
হ্রাসপ্রাপ্ত ইউরেনিয়ামসমৃদ্ধ গোলার ব্যবহার ইউক্রেনের মানুষ ও পরিবেশের ওপর ভয়াবহ প্রভাব ফেলবে, যা কাটাতে কয়েক দশক লেগে যেতে পারে। প্রতীকী ছবি
ইউক্রেনে পারমাণবিক উপাদানসমৃদ্ধ গোলাবারুদ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। এ ধরনের অস্ত্রের ব্যবহার ভয়াবহ পরিণাম ডেকে আনবে। ইউক্রেনের মানুষ ও পরিবেশের ওপর ওই তেজস্ক্রিয়তার প্রভাব কয়েক দশক থেকে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে রাশিয়া।
শুক্রবার (২৪ মার্চ) রাশিয়ার পারমাণবিক, জৈবিক এবং রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর পরিচালক জেনারেল ইগর কিরিলোভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাজ্য ইউক্রেনকে ‘হ্রাসপ্রাপ্ত ইউরেনিয়ামসমৃদ্ধ গোলা’ দেওয়ার কথা বিবেচনা করছে। এটা তাদের দেওয়া চ্যালেঞ্জার-২ ট্যাঙ্কের গোলা হিসেবে ব্যবহার করা হবে।
কিরিলোভ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই ধরনের অস্ত্রের ব্যবহার ইউক্রেনের জনজীবন ও অর্থনীতিতে যে প্রভাব ফেলবে, তা কাটতে কয়েক শতাব্দী না হলেও অন্তত কয়েক দশক লেগে যাবে। এ সময় দেশটির কৃষি ফসল রপ্তানি চ্যালেঞ্জের মুখে পড়বে।
কিরিলোভ জানান, ন্যাটোর সদস্য ছাড়া বিশ্বের আর কোনো দেশ এসব অস্ত্র ব্যবহার করেনি। ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র অন্তত ৩০০ হ্রাসপ্রাপ্ত ইউরেনিয়ামসমৃদ্ধ গোলা ব্যবহার করেছে। এতে করে ইরাকে ফালুজাহ শহরের যে ক্ষতি হয়েছে তা হিরোশিমা ও নাগাসাকির চেয়েও ভয়াবহ। ফালুজাহে এই পরিমাণ ইউরেনিয়ামসমৃদ্ধ গোলা ব্যবহার করা হয়েছে যে, তা দ্বিতীয় চেরনোবিলে পরিণত হয়েছে। ইরাকি জনগণ আজও সেই তেজস্ক্রিয়তার মাশুল দিচ্ছে।
আরটি জানায়, যুক্তরাজ্য সোমবার (২০ মার্চ) ইউক্রেনে হ্রাসপ্রাপ্ত ইউরেনিয়ামসমৃদ্ধ গোলা পাঠানোর ঘোষণা দেয়। ঘোষণার সঙ্গে সঙ্গেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় কড় প্রতিক্রিয়া ও উদ্বেগ প্রকাশ করে।
এদিকে ইউক্রেনে হ্রাসপ্রাপ্ত ইউরেনিয়ামসমৃদ্ধ গোলার ব্যবহারের সমর্থন করে যুক্তরাষ্ট্র। তবে এই ধরনের অস্ত্রের ব্যবহার সাধারণ ঘটনা বলে মনে করে দেশটি।
সূত্র: আরটি