× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রান্স সফর স্থগিত করলেন রাজা তৃতীয় চার্লস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মার্চ ২০২৩ ২১:০৫ পিএম

আপডেট : ২৪ মার্চ ২০২৩ ২১:১৭ পিএম

দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ২৪ মার্চ প্যারিসে। ছবি: সংগৃহীত

দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। ২৪ মার্চ প্যারিসে। ছবি: সংগৃহীত

নতুন পেনশন আইন নিয়ে উত্তাল হয়ে পড়েছে ফ্রান্স। এ অবস্থায় পূর্বনির্ধারিত ফ্রান্স সফর স্থগিত করলেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস। রবিবার (২৬ মার্চ) প্যারিস এবং বোর্দোতে যাওয়ার কথা ছিল তৃতীয় চার্লসের। এ দুটি শহরেই বৃহস্পতিবার বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট দপ্তর এলিসি প্যালেস শুক্রবার (২৪ মার্চ) এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার (২৮ মার্চ) আবারও রাস্তায় নামার হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা। বিষয়টি বিবেচনা করে রাজা তৃতীয় চার্লসের সফর স্থগিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট এবং রাজা আজ সকালে ফোনে কথা বলেন। ফোনালাপের পর ফ্রান্স ও যুক্তরাজ্য সরকার সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। মহামান্যকে (তৃতীয় চার্লসকে) আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে মেলে এমন সময় স্বাগত জানানো হবে...এই রাষ্ট্রীয় সফরটির দিন ও তারিখ যত দ্রুত সম্ভব আবারও পুনঃনির্ধারিত হবে।

বিবিসি জানায়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সরকারের নতুন পেনশন বিলে বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করা হয়েছে। এ নিয়ে গত জানুয়ারি থেকে থেমে থেমে বিক্ষোভ চলছে। এ অবস্থায় বৃহস্পতিবার ফ্রান্সজুড়ে দুই শতাধিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই শতাধিক বিক্ষোভ থেকে অন্তত ৪৫৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই দিন বিক্ষোভকারীদের হাতে আহত হয়েছেন অন্তত ৪৪১ জন পুলিশ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড ডারমানিন এসব তথ্য জানিয়েছেন। 

শুক্রবার (২৪ মার্চ) সিনিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ডারমানিন বলেন, ’গত জানুয়ারি থেকে পেনশন সংস্কার নিয়ে বিক্ষোভ হচ্ছে। তবে বৃহস্পতিবার নজিরবিহীন সহিংসতা হয়েছে। শুধু প্যারিসের বিভিন্ন স্থানে ছোট-বড় মিলিয়ে অন্তত ৯০৩টি আগুন লাগানোর ঘটনা ঘটেছে।’

এএফপি জানায়, পুলিশের দাবি, বিক্ষোভে কিছু অ্যানার্কিস্ট গ্রুপ ঢুকে পড়েছে। তারাই বেশি সহিংসতা করেছে। তা ছাড়া মাথায় হুড ও মুখে মাস্ক পরা তরুণদেরও মারমুখো আচরণ করতে দেখা গেছে। তাদের দোকানের দরজা-জানালা ভাঙতে ও রাস্তায় কাদা ছড়িয়ে রাখতে দেখা গেছে।

সূত্র: বিবিসি, এএফপি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা