প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ২১:৪৬ পিএম
আপডেট : ১৮ মার্চ ২০২৩ ২২:০১ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংগৃহীত ফটো
পর্ন তারকাকে টাকা দিয়ে মুখ বন্ধ করানোর অভিযোগে আগামী মঙ্গলবার (২১ মার্চ) গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্প পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার এড়াতে তিনি কর্মীদের প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন। শনিবার (১৮ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ ট্রুথ সোশ্যালে দেওয়া এক ব্লগ পোস্টে ট্রাম্প এমন দাবি করেন।
ট্রাম্পের একজন আইনজীবী বলেছেন, গণমাধ্যমের খবরের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট আশঙ্কা করছেন, আগামী সপ্তাহে তিনি অভিযুক্ত হতে পারেন। ট্রাম্পকে অভিযুক্ত করা হলে এটি হবে দেশটির কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে আনা প্রথম ফৌজদারি মামলা।
পাঁচ বছর ধরে নিউইয়র্কের প্রসিকিউটররা অভিযোগের তদন্ত করছেন যে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পের পক্ষ থেকে সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ করানোর জন্য অর্থ প্রদান করা হয়েছিল। যদিও এ অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প।
সূত্র : বিবিসি