× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ সমর্থন করবেন এরদোয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৩ ১২:২৬ পিএম

আপডেট : ১৮ মার্চ ২০২৩ ১২:৩৯ পিএম

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত

ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ছবি : সংগৃহীত



ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদের আবেদন অনুমোদন করবে তুরস্ক। এমন ঘোষণাই দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

আর এই সমর্থনের কারণে ন্যাটো সদস্যপদের দৌড়ে সুইডেনের চেয়ে এগিয়ে গেল ফিনল্যান্ড।

আঙ্কারায় ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠকের পর রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শুক্রবার (১৭ মার্চ) এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

এরদোয়ানের অনুমোদন ছাড়া ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিতে সক্ষম হবে না। কারণ নতুন সদস্যদের বিষয়ে ন্যাটোভুক্ত দেশগুলোর সর্বসম্মত হওয়ার নিয়ম রয়েছে।

সুইডেন ও ফিনল্যান্ড যৌথভাবে গত বছর মে মাসে ব্রাসেলসে সদস্যপদের জন্য তাদের আবেদনগুলো হস্তান্তর করেছিল। এর মাধ্যমে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরে দীর্ঘদিনের অসংগঠিত নীতিকে সংগঠিত করে দেশ দুটি।

এরদোয়ান একটি সংবাদ সম্মেলনে হেলসিঙ্কি, স্টকহোম এবং আঙ্কারার মৈত্রী প্রশস্ত করার জন্য জুন মাসে স্বাক্ষরিত একটি চুক্তির কথা উল্লেখ করে বলেন, ‘যখন ত্রিপক্ষীয় সমঝোতা স্মারকের প্রতিশ্রুতি পূরণের কথা আসে, তখন আমরা দেখেছি যে, ফিনল্যান্ড খাঁটি ও দৃঢ় পদক্ষেপ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশের নিরাপত্তার জন্য এই সংবেদনশীলতা এবং ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের জন্য প্রোটোকলে যে অগ্রগতি হয়েছে, তার ভিত্তিতে আমরা আমাদের সংসদে সমর্থন প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’

এরদোয়ানের সবুজ সংকেতের পর ফিনল্যান্ডের আবেদন এখন তুরস্কের সংসদে উত্থাপন হতে পারে।

সেখানে এরদোয়ানের দল এবং তার মিত্রদের সংখ্যাগরিষ্ঠতা থাকায় আগামী ১৪ মে তুরস্কের প্রেসিডেন্ট ও সংসদীয় নির্বাচনের আগে বিষয়টি অনুমোদনের আশা করা হচ্ছে।

আলজাজিরার রেসুল সরদার আঙ্কারা থেকে জানিয়েছেন, ‘এই ঘোষণার বিষয়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ন্যাটো। তারা এতদিন জোর দিয়েছিল যে, ফিনল্যান্ড ও সুইডেনকে প্যাকেজ হিসেবে প্রবেশ করতে হবে। মনে হচ্ছে, ন্যাটো সেই অবস্থান পরিবর্তন করেছে।’

এই ঘোষণার আগে নিনিস্তো বলেন, ‘আমি এরদোয়ানকে দীর্ঘদিন ধরে চিনি। আমি নিশ্চিত যে তার কাছে গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানও এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘ওয়াশিংটন সেই প্রক্রিয়ার দ্রুত সমাপ্তির অপেক্ষায় আছে।’

তিনি আরও বলেছেন, ‘যুক্তরাষ্ট্র তুরস্ককে দ্রুত সুইডেনের যোগদান প্রোটোকলগুলোকেও অনুমোদন করতে উৎসাহিত করে।’

সূত্র : আলজাজিরা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা