প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১২:১১ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:৪০ পিএম
পদত্যাগ করেছেন নাদিন ডরিস ও প্রীতি প্যাটেল
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্বভার লিজ ট্রাসের কাঁধে যাওয়ার পরপরই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বরিস জনসনের মন্ত্রিসভার দুই সদস্য। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এবং সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিস উভয়েই সোমবার (৫ সেপ্টেম্বর) মন্ত্রিসভার রদবদলের আগে পদত্যাগ করেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সদ্যনির্বাচিত প্রধানমন্ত্রী লিজ ট্রাসের মন্ত্রিসভায়ও কাজ না করার পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।
কনজারভেটিভ পার্টির এক আইনপ্রণেতা জানান, বর্তমানে সরকারের অ্যাটর্নি জেনারেল সুয়েলা ব্রাভারম্যানকে প্রীতির জায়গায় স্থলাভিষিক্ত করা হতে পারে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের পর পদত্যাগ করেন সংস্কৃতিমন্ত্রী নাদিন ডরিসও।
দ্য ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, নাদিন নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের অন্যতম একজন সমর্থক। তাই তাকে নিজের পদ না ছাড়ার আহ্বান জানিয়েছিলেন লিজ।
পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য কনজারভেটিভ পার্টির নেতৃত্বের প্রতিযোগিতায় লিজকে বিজয়ী ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় পদত্যাগ করেন প্রীতি ও নাদিন। আজ মঙ্গলবার লিজ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করবেন।
বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রীতি প্যাটেল। সে ছবি টুইটারে পোস্ট করে তিনি লেখেন, ‘আমি লিজ ট্রাসকে আমাদের নতুন নেতা নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাই। আমাদের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তাকে সমর্থন করে যাব।’
তিনি আরও জানান, লিজ ট্রাস সম্পূর্ণরূপে মন্ত্রিসভা গঠন করা এবং নতুন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাবেন।
সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় নাইনটিন টোয়েনটি টু কমিটির চেয়ারম্যান স্যার গ্রাহাম ব্র্যাডি কনজারভেটিভ পার্টির নতুন নির্বাচিত নেতা ঘোষণা করেন লিজ ট্রাসকে। আজ মঙ্গলবার বালমোরালে রানীর সঙ্গে সাক্ষাতের পর নতুন মন্ত্রিসভা গঠন করবেন তিনি।
প্রবা/এনএস /এসআর