প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ২২:৪২ পিএম
মার্কিন আইনসভার উচ্চকক্ষ সিনেটে ইন্দো-প্রশান্ত অঞ্চল প্রশ্নে দ্বিদলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত মঙ্গলবার। চীন ইন্দো-প্রশান্ত অঞ্চলে আগ্রাসনের নীতি অবলম্বন করছে এবং চলমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজ মিত্রদের পাশে আছে বলে উল্লেখ করা হয়েছে এতে। একত্রে লড়াই চালানোর কথাও বলা হয়েছে। ভারতকে ইন্দো-প্রশান্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ মনে করে যুক্তরাষ্ট্র।
দেশটির অরুণাচল সীমান্তে চীনের সঙ্গে সৃষ্ট জটিলতাও উঠে এসেছে সিনেটের বিবৃতিতে। সেটিতে বলা হয়েছে, চীন এ অঞ্চলে দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে। সীমান্তে সেনা পাঠিয়ে, সামরিক কাঠামো তৈরি করে শান্তি ভঙ্গের চেষ্টা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র ম্যাকমোহন রেখাকে স্বীকৃতি দেয় এবং অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। লাদাখ এবং অরুণাচল নিয়ে চীনের সঙ্গে ভারতের সংঘাত অনেক দিনের। চীনের দাবি অরুণাচল তাদের অংশ। তারা ম্যাকমোহন রেখা মানে না। ১৯৫০ সালে ভারতের সঙ্গে তিব্বতের চুক্তিও মানতে নারাজ চীন। ফলে প্রকৃত অর্থে সংঘাত নিরসন হচ্ছে না। সূত্র : ডয়েচে ভেলে