প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৩ ১৩:১৬ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৩ ১৩:২৭ পিএম
বালির গভর্নর বিদেশী পর্যটকদের মোটরবাইক ভাড়া করা ও চালানো নিষিদ্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। ছবি: সংগৃহীত
বালি দ্বীপে বিদেশী পর্যটকদের মোটরবাইক ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া। ট্রাফিক আইন ভঙ্গ করাসহ নানা অভিযোগের কারণে এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বালির গভর্নর আই ওয়াইন কোস্তার।
পর্যটনদের জন্য আকর্ষণীয় স্থান বালি দ্বীপ। তবে উন্নত পরিবহণ ব্যবস্থা না থাকায় পর্যটকেরা দ্বীপের চারপাশ ঘুরে দেখতে মোটরবাইক ভাড়া করে থাকেন। বালির সৌন্দর্য উপভোগ করতে এই দুই চাকার যান বেশ গুরুত্বপূর্ণ পর্যটকদের কাছে।
এদিকে করোনার কারণে দ্বীপে লম্বা একটা সময় বন্ধ ছিল পর্যটকদের আনাগোণা। আর করোনার পর পর্যটন আসার এ সময়েই এলো বাইক নিষিদ্ধের পরিকল্পনা। তাই এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও করেছেন অনেকে।
স্থানীয় পুলিশের দেওয়া প্রতিবেদন থেকে জানা যায়, দ্বীপে মোটরবাইক চালাতে গিয়ে ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত ১৭১ জন বিদেশী নাগরিক ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন। অনেক পর্যটক আবার ভুয়া লাইসেন্সও ব্যবহার করেছেন।
গভর্নর আই ওয়াইন কোস্তার বলেন, ‘শার্ট বা পোশাক না পরে আপনার মোটরবাইক চালানো উচিত না। হেলমেট না পরে চালানোও ঠিক না। আবার অনেকে লাইসেন্স ছাড়া মোটরবাইক চালান, সেটাও উচিত নয়।’
প্রস্তাবিত নিষেধাজ্ঞা চলতি বছরের কোনো এক সময়ে একটি আঞ্চলিক আইনের মাধ্যমে প্রয়োগ করা হবে। তবে এটি কীভাবে প্রয়োগ করা হবে তা স্পষ্ট নয়। তবে এ পরিকল্পনার অধীনে পর্যটকরা বাইকের পরিবর্তে ট্রাভেল এজেন্টদের দেওয়া গাড়ি ব্যবহার করতে পারবেন।
একজন ইউক্রেনীয় পর্যটক বলেন, ‘পর্যটকদের স্বাধীনতা দেওয়া উচিত। তাদের বৈধ লাইসেন্স দেওয়া উচিত। আমরা ট্রাভেল এজেন্টদের সেবা ব্যবহার করি না। কারণ আমরা স্বাধীন থাকতে চাই যাতে করে আমরা নিজেরাই দ্বীপের পরিবেশ অনুভব করতে পারি।’
তবে ফিনল্যান্ডের পর্যটক ক্রিস্টো এ পরিকল্পনাকে সমর্থন করে বলছেন, ‘অনেক পর্যটক বাইক চালানোর সময় হেলমেট পরে না। অনেক সময় তারা মদ্যপ থাকে। এটি খুবই ভয়ঙ্কর বিষয়।’
এদিকে বালির মোটরবাইক রেন্টাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান দেদেক ওয়ারজানা বলেন, এটি হঠকারি সিদ্ধান্ত। দ্বীপে মোটরবাইক নিষিদ্ধ না করে বরং সুনির্দিষ্ট কিছু বিষয়ে আইন করা উচিত।
সূত্র: বিবিসি