প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মার্চ ২০২৩ ২২:২২ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৩ ২২:২৬ পিএম
যুক্তরাষ্ট্রের ‘দ্য অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্ট’-এ দেশটির গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিন পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারেন।
বুধবার (৮ মার্চ) দ্য অ্যানুয়াল থ্রেট অ্যাসেসমেন্ট রিপোর্টটি অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিগেন্স ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাতে আরও বলা হয়, জনগণের সমর্থন আদায়ের জন্য পুতিন এই যুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বকে টেনে আনতে পারেন।
প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া ছক এমনভাবে সাজাচ্ছে- যাতে মনে হয়, ইউক্রেনকে ছায়াযুদ্ধের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের আসল লক্ষ্য রাশিয়াকে দুর্বল করা। এমন ধ্যানধারণা রাশিয়ার জনগণের মধ্যে ছড়িয়ে দিতে নানা কৌশল অবলম্বনের পথ খুঁজছে পুতিন প্রশাসন।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, ইউক্রেন যুদ্ধ ভৌগোলিক রাজনীতির নানা সমীকরণ পাল্টে দিচ্ছে। পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়া ও চীনের সম্পর্ক ও সমীকরণ ঘিরে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এমন এক দিকে যাচ্ছে, যার ঝুঁকি গত কয়েক দশকে বিশ্ব আগে দেখেনি।
প্রতিবেদনে আরও বলা হয়, আগামী বছরে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা একটি জটিল এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নিরাপত্তা সংকটের মুখোমুখি হবে।
সম্প্রতি ইউক্রেনে হামলা ব্যাপক হারে বাড়িয়েছে রাশিয়া। পুরো ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে দেশটি। এমন সময় যুক্তরাষ্ট্রের এ গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করা হলো। সূত্র : অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স ওয়েবসাইট