প্রবা ডেস্ক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১২:২১ পিএম
আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২ ১২:৩৮ পিএম
ছবি : এনডিটিভি
কংগ্রেস ছাড়ার এক সপ্তাহ পর দলটির শীর্ষ নেতা গুলাম নবী আজাদ তার রাজনৈতিক জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন। সব জল্পনা শেষে আজ জম্মু সমাবেশে নতুন দলের ঘোষণা দিতে পারেন তিনি।
এনডিটিভি জানিয়েছে, গত ২৬ আগস্ট কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি দিয়ে জম্মু-কাশ্মীরের সাবেক এই মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন। তার পদত্যাগ এবং কংগ্রেসের দুর্দশার জন্য রাহুল গান্ধীকে সরাসরি দায়ী করেন তিনি।
গুলাম নবীর পদত্যাগের পর থেকেই তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে ধারণা করা হয়। তবে এসব জল্পনা উড়িয়ে দিয়ে গত সপ্তাহে শিগগিরই একটি নতুন দল গঠন করার কথা জানান তিনি। এ সময় তিনি বলেন, নতুন দলটির প্রথম ইউনিট হবে জম্মু-কাশ্মীরেই।
গুলাম নবীর নেতৃত্বাধীন নতুন দলটি বিজেপি বা জম্মু-কাশ্মীরের মূলধারার অন্য দলগুলোর সঙ্গে জোট বেঁধে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে পারেন। সেক্ষেত্রে ন্যাশনাল কনফারেন্স বা পিডিপির মতো দলগুলোর সঙ্গে জোট বাঁধতে পারেন তিনি।
তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিজেপির সঙ্গে জোট বাঁধার কোনো প্রশ্নই আসে না। এতে তাদেরও কোনো উপকার হবে না, আমিও উপকৃত হবো না।
গুলাম নবী কংগ্রেসের নেতৃস্থানীয় ভিন্নমতাবলম্বী জি-২৩ বা ২৩ গ্রুপের সদস্য হিসেবে পরিচিত। যারা ২০২০ সালে সোনিয়া গান্ধীকে পূর্ণকালীন নেতৃত্ব দেওয়া এবং দলে সংস্কার করার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছিলেন।
গুলাম নবীর আগে কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষ নেতা একই অভিযোগে কংগ্রেস ছেড়েছেন। তবে তার পদত্যাগে দলে আবারও তোলপাড় শুরু হয়। বিভিন্ন পর্যায়ের নেতারা এতে তীব্র প্রতিক্রিয়া জানান। এ ছাড়া ভাঙন ধরে কংগ্রেসের জম্মু-কাশ্মীর শাখায়।
প্রবা/এনএস /এসআর