প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৩ ১৭:১৪ পিএম
আপডেট : ০৯ মার্চ ২০২৩ ১৭:২০ পিএম
ম্যাকের কার্যালয়ে যাওয়ার আগে মুনাজাত করছেন মহিউদ্দিন ইয়াসিন। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির দুর্নীতি দমন কমিশন (ম্যাক) বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে।
ম্যাক বৃহস্পতিবার (৯ মার্চ) বিকালে এক বিবৃতিতে জানায়, সাবেক প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারের একটি বড় প্রকল্প শুরু করেন। এতে নানান দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার অভিযোগগুলো সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, উল্লিখিত প্রকল্পের কাজ পাওয়ার জন্য কিছু নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠান মহিউদ্দিনের বারসাতু পার্টিকে অর্থ দেয়। বৃহস্পতিবার এ বিষয়ে মহিউদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
ইতঃপূর্বে একই ঘটনায় বারসাতু পার্টির আরও কিছু শীর্ষ নেতাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
বৃহস্পতিবার সকালেই ম্যাকের অফিসে যান মহিউদ্দিন। যাওয়ার কয়েক ঘণ্টা পর তাকে গ্রেপ্তারের কথা জানায় ম্যাক।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে দীর্ঘ অচলাবস্থার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মহিউদ্দিন ইয়াসিন। করোনাকালে কঠিন সংকট পাড়ি দিতে হয়েছে তাকে। জোটের অভ্যন্তরীণ সমস্যার কারণে ২০২১ সালে মহিউদ্দিন সরকারের পতন হয়।
একই বছরের নভেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী হন বহুল আলোচিত আনোয়ার ইব্রাহিম। নির্বাচিত হয়েই দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার ঘোষণা দেন তিনি। তারই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন ৭৫ বছর বয়সি মহিউদ্দিন ইয়াসিন।
মালয়েশিয়ার আরেক সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে মহিউদ্দিনের গুরু মনে করা হয়। আর আনোয়ার ইব্রাহিম রাজাকের সহকর্মী।
‘ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ’ কেলেঙ্কারিতে ফেঁসে গিয়ে মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জেলে গিয়েছিলেন আনোয়ার ইব্রাহিম। এখন দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে একই পরিণতি বরণ করলেন মহিউদ্দিন ইয়াসিন।
সূত্র : আল জাজিরা