প্রতিদিনের বাংলাদেশ ডেস্ক
প্রকাশ : ২৬ জুন ২০২২ ১৮:১০ পিএম
সেন্ট পিটার্সবার্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বেলারুশের আলেক্সান্ডার লুকাশেঙ্কো
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন ঘনিষ্ঠ মিত্র বেলারুশকে পরমাণু বহনে সক্ষম স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র দেবে রাশিয়া। আগামী কয়েক মাসের মধ্যে বেলারুশকে এই ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হবে। খবর বিবিসির।
এই ইস্কান্দার-এম ব্যবস্থা থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ৫০০ কিলোমিটার (৩১০ মাইল) দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে। ইস্কান্দার-এম ব্যবস্থা প্রচলিতের পাশাপাশি পরমাণুবাহী ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।
সেন্ট পিটার্সবার্গের বৈঠকে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো অনুরোধ করার পর শনিবার (২৫ জুন) পুতিন মিনস্কের এস-২৫কে পরমাণু অস্ত্র বহনে সক্ষম করতে বিমানগুলোর আধুনিকায়নে রাশিয়া সাহায্য করবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।
একইদিন ইউক্রেন জানিয়েছে, কয়েক সপ্তাহের তুমুল লড়াইয়ের পর পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ কৌশলগত শহর সেভেরোদোনেৎস্ক এখন ‘পুরোপুরি রুশ বাহিনীর দখলে’।
যার অর্থ রাশিয়া এবং তাদের সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা এখন লুহানস্কের প্রায় সব অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। পার্শ্ববর্তী দোনেৎস্ক প্রদেশের বেশিরভাগ অংশেরও নিয়ন্ত্রণ তাদের হাতে।
লুহানস্ক ও দোনেৎস্ক এই দুই প্রদেশ মিলিয়ে শিল্পসমৃদ্ধ দনবাস অঞ্চল; ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়া সেনা পাঠানোর পর এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়াই তাদের অন্যতম লক্ষ্য ছিল।