প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৪:২৭ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৪:২৭ পিএম
ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। ছবি : সংগৃহীত
নিরাপত্তার ক্ষেত্রে রাশিয়ার হুমকি ইউরোপ কখনো মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লিয়েন। কানাডার পার্লামেন্টে গত মঙ্গলবার (৭ মার্চ) ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।
ইউক্রেনের প্রতি সমর্থন জোরদার করতে তিনি বর্তমানে কানাডা সফর করছেন।
কানাডার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘আন্তর্জাতিক সীমান্তজুড়ে ট্যাংক ব্যবহার করে সম্রাজ্য গড়ার পরিকল্পনা হাতে নেওয়া কোন সামরিক শক্তিকে আমরা মেনে নেব না।’
তিনি আরো বলেন, ‘জোট ইউরোপের নিরাপত্তা এবং আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের মূলভিত্তির ক্ষেত্রে এই হুমকি কখনো মেনে নেয়া যায় না।’
ভন ডের লিয়েন ইউক্রেনের জন্য ‘দ্রুত সামরিক ও অর্থনৈতিক সহায়তার’ আহ্বান জানিয়েছেন।
তিনি এই ধরনের অপরাধের বিচারের জন্য একটি বিশেষ আদালত গঠনে গত নভেম্বরে প্রস্তাব দেওয়ার পর রাশিয়ার আগ্রাসন মোকাবেলায় অর্থ প্রদান করতে ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলোর প্রতি ফের আহ্বান জানান।
আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে ভন ডের লিয়েন ইউক্রেনের নারী সেনাদের প্রশংসা করেন। যুদ্ধের আগে তাদেরকে যুদ্ধের দায়িত্ব পালন করা থেকে বিরত থাকতে বলা হয়েছিল। কিন্তু তারা এ নির্দেশকে পাত্তা না দিয়ে সেনাবাহিনীতে যোগ দেওয়া শুরু করেন।
ইউক্রেনে তাদের যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ধর্ষণ ও যৌন সহিংসতা চালাচ্ছে রাশিয়া। জাতিসংঘের এমন অভিযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এটি কেবল ইউক্রেনের যুদ্ধ নয়। এটি মানবাধিকারের বিরুদ্ধেও একটি যুদ্ধ এবং এটি নারীর অধিকারের বিরুদ্ধে যুদ্ধ।’
তিনি বলেন, ইউক্রেনীয় নারীরা ‘পাল্টা লড়াই করছে।’
ইইউ প্রধান আরো বলেন, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেন সামরিক বাহিনীতে কর্মরত নারীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে।
সূত্র : আল আরাবিয়া