প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৩ ১৩:১৫ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৩ ১৪:১২ পিএম
বাখমুতের কাছে রুশ অবস্থানের দিকে হাউইটজার থেকে গোলা বর্ষণ করছে ইউক্রেনের সেনারা। ছবি : সংগৃহীত
ইউক্রেনের বাখমুতের পূর্বাংশের সম্পূর্ণ দখল নিয়েছে রাশিয়ার হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার।
ওয়াগনারের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন ওই দাবি করেছেন। যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ প্রশাসন।
এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (৭ মার্চ) যুক্তরাষ্ট্রের গণমাধ্যমকে জানিয়েছেন, রাশিয়ার সেনাবাহিনী অবরুদ্ধ শহর বাখমুত দখলের মাধ্যমে পূর্ব ইউক্রেনে প্রবেশের জন্য একটি ‘খোলা রাস্তা’ পাবে।
এ অবস্থায় জাতিসংঘপ্রধান আন্তোনিও গুতেরেস বুধবার (৮ মার্চ) কিয়েভে জেলেনস্কির সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
বাখমুতে যুদ্ধের আগে জনসংখ্যা ছিল ৮০ হাজার। রাশিয়ার এক বছরের বেশি সময় ধরে আগ্রাসনের মধ্যে সবচেয়ে দীর্ঘ ও রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী ইউক্রেনের এ শহরটি।
রুশ বাহিনী বাখমুত ধ্বংস করে লাখ লাখ মানুষকে বাস্ত্যুচ্যুত করেছে। অন্যদিকে রাশিয়া যেকোনো মূল্যে এটি দখলের অভিপ্রায় ব্যক্ত করেছে।
রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু মঙ্গলবার একটি টেলিভিশনে প্রচারিত বক্তব্যে সামরিক কর্মকর্তাদের বলেছেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা লাইনের গভীরে আরও আক্রমণাত্মক অভিযানের অনুমতি দেবে রাশিয়া।’
অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ান বাহিনীর চাপের মুখে গুরুত্বপূর্ণ পশ্চাদপসরণ সত্ত্বেও সেনাবাহিনী বাখমুতকে রক্ষার চেষ্টা করছে।
জেলেনস্কি বলেছেন, অবরুদ্ধ শহর বাখমুত দখল করলে পূর্ব ইউক্রেনে প্রবেশের জন্য রাশিয়া একটি ‘উন্মুক্ত রাস্তা’ পাবে।
জেলেনস্কি সিএনএনের উলফ ব্লি টজারকে বলেন, ‘আমরা বুঝতে পারি, বাখমুতের পরে তারা আরও এগিয়ে যেতে পারবে। তারা ক্রামতোর্স্ক যেতে পারবে। তারা স্লোভিয়ানস্কে যেতে পারবে। বাখমুতের পর ইউক্রেনের অন্যান্য শহরে ডোনেটস্কের দিকে রাশিয়ানদের জন্য এটি খোলা উন্মুক্ত হবে।’
সূত্র : আলজাজিরা