প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ১৪:১১ পিএম
আপডেট : ০৭ মার্চ ২০২৩ ১৪:৩৫ পিএম
ভায়াগ্রা ট্যাবলেট। ছবি: সংগৃহীত
অ্যালকোহল পান করার সময় দুটি ভায়াগ্রা ট্যাবলেট (যৌন উত্তেজক ওষুধ) সেবন করার পরে মারা গেছেন ৪১ বছর বয়সী এক ব্যক্তি। জার্নাল অব ফরেনসিক অ্যান্ড লিগ্যাল মেডিসিনে প্রকাশিত একটি গবেষণার উদ্ধৃতি দিয়ে ঘটনাটি প্রকাশ্যে আনে নিউজডটএইউডটকম। ঘটনাটি ভারতের নাগপুরের।
গবেষণায় চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি হোটেলে একজন নারীর সঙ্গে দেখা করেছিলেন। যেখানে তিনি সিলডেনাফিলের দুটি ৫০ মিলিগ্রাম ট্যাবলেট খেয়েছিলেন, যা ভায়াগ্রা ব্র্যান্ড নামে বিক্রি হয়। একই সময়ে তিনি অ্যালকোহল পান করছিলেন বলেও জানান তারা।
এরপরদিন অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি অস্বস্তিবোধ করতে থাকেন। এক পর্যায়ে তিনি বমিও করেন। তখন তার নারী বন্ধু তাকে চিকিৎসা নেওয়ার অনুরোধ জানান। যদিও তিনি তাতে রাজি হননি বরং ওই নারীকে বলেন এরকম অভিজ্ঞতা তার আগেও হয়েছে।
এতে তার অবস্থা আরও খারাপ হতে থাকে। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পরই তাকে মৃত ঘোষণা করা হয়।
গবেষণার অনুসারে, লোকটি সেরিব্রোভাসকুলার হেমারেজের কারণে মারা যান। এতে আক্রান্ত হলে মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়।
গবেষণায় বলা হয়, ৪১ বছর বয়সী ওই ব্যক্তির অতীতে বড় ধরনের কোনো চিকিৎসা বা অস্ত্রোপচারের ইতিহাস ছিল না।
ময়নাতদন্তে চিকিৎসকেরা ৩০০ গ্রাম জমাট বাঁধা রক্ত দেখতে পান। তাদের ধারণা, ওই ব্যক্তির আগে থেকে উচ্চ রক্তচাপ ছিল।
গবেষণাকরা বলেছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া ইরেক্টাইল ডিসফাংশন বা যৌন উত্তেজক ওষুধ গ্রহণের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য তারা এই গবেষণাটি প্রকাশ করেছেন। সূত্র: এনডিটিভি