প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মার্চ ২০২৩ ০৮:৫৬ এএম
আপডেট : ০৭ মার্চ ২০২৩ ০৮:৫৯ এএম
আলেপ্পো বিমানবন্দর গেট। ছবি : সংগৃহীত
সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলি বিমান হামলার জেরে এর কার্যক্রম আপাতত পুরো বন্ধ করে দিতে বাধ্য হয়েছে সিরীয় কর্তৃপক্ষ।
সামরিক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পো বিমানবন্দরকে লক্ষ্য করে লাতাকিয়ার পশ্চিমে ভূমধ্যসাগরের দিক থেকে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এই বিমান হামলার ফলে বিমানবন্দরের বস্তুগত ক্ষতি হয়েছে এবং এটির কার্যক্রম বন্ধ রয়েছে।
কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং এ বিষয়ে ইসরায়েলি কর্মকর্তাদেরও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সিরিয়ার গৃহযুদ্ধে ব্যাপক ধ্বংসযজ্ঞের শিকার আলেপ্পো শহরটি গত মাসে দক্ষিণ তুরস্ক এবং উত্তর-পশ্চিম সিরিয়ায় আঘাত হানা ৭.৮ মাত্রার ভূমিকম্পে আবারও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পর থেকে বেশ কয়েকটি দেশ শহরের এই বিমানবন্দরে সাহায্যের চালান পাঠিয়েছে। ইসরায়েলি হামলায় নতুন করে ত্রাণ পাঠানো আপাতত বন্ধ হয়ে গেল।
প্রায় এক দশক ধরে সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের মধ্যেই দেশটিতে শতশত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল দাবি করে আসছে, ইরানি স্থাপণা ও সিরিয়ায় হিজবুল্লাহ কর্মকান্ডই দেশটির হামলার লক্ষ্যবস্তু। কিন্তু সাম্প্রতিক এ হামলায় সরাসরি বেসামরিক মানুষের ক্ষতিগ্রস্তের শঙ্কা দেখা দিয়েছে।
এ ছাড়াও গত ১৯ ফেব্রুয়ারি সিরিয়ার রাজধানী দামেস্কের আবাসিক এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত ও ১৫ জন আহত হয় বলে জানায় সিরিয়ার এক রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।
সূত্র : আরব নিউজ