প্রবা ডেস্ক
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৪:১৪ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২ ১৬:৩৩ পিএম
মিখাইল গর্বাচেভের কফিনটি শনিবার সকালে হল অব কলামে আনা হয়।
শেষ সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হওয়ায় তাকে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন মস্কোর শোকার্তরা। গর্বাচেভের সবচেয়ে বড় সাফল্য হলো, তিনি স্নায়ুযুদ্ধের শান্তিপূর্ণ অবসান ঘটিয়েছিলেন। সাম্প্রতিক বছরগুলোতে, তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। বিবিসি জানিয়েছে, কিডনি জটিলতায় জুন মাসে তাকে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার ৯১ বছর বয়সে তিনি মারা যান। শনিবার তার দাফনের আগে কফিনের সামনে শোকার্তদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
হাউস অব ইউনিয়নের ঐতিহাসিক কলাম হলে গর্বাচেভের দেহ নিয়ে আসার অনেক আগেই শোকার্তরা সারিবদ্ধ হতে শুরু করেছিল। সেখানে গর্বাচেভের কফিন নিয়ে আসার পরই সর্বসাধারণ তাদের শেষ শ্রদ্ধাজ্ঞাপন শুরু করে।
শ্রদ্ধাজ্ঞাপন শেষ হওয়ার পর শনিবার গর্বাচেভকে মস্কোর বৃহত্তম কবরস্থান নভোদেভিচিতে তার স্ত্রী রাইসার পাশে সমাহিত করা হবে।
অনেক রাশিয়ান সোভিয়েত ইউনিয়নের (ইউএসএসআর) ভাঙনের ক্ষেত্রে গর্বাচেভের ভূমিকাকে ‘অপমানজনক’ হিসেবে দেখেন। পুতিনও এই সোভিয়েত ইউনিয়নের ভাঙনকে ‘শতাব্দীর সর্বশ্রেষ্ঠ ভূ-রাজনৈতিক বিপর্যয়’ বলে বিবেচনা করেন। সঙ্গত কারণেই গর্বাচেভের শেষকৃত্যে অংশ নিচ্ছেন না তিনি। যদিও ক্রেমলিন জানিয়েছে কাজের ব্যস্ত সময়সূচির কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই শেষকৃত্যে যোগ দিতে পারছেন না।
গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতা গ্রহণ করে সাহসী সংস্কারের সূচনা করেন। কিন্তু তিনি ১৯৯১ সালে ইউনিয়নের পতন রোধ করতে ব্যর্থ হন। অনেক রাশিয়ান তাকে সেই বিভীষিকাময় বছরগুলোর জন্য গর্বাচেভকে দায়ী করেন।
তবে রাশিয়ার বাইরে বিশেষ করে পাশ্চাত্যে তাকে সম্মান জানানো হয়েছিল ব্যাপকভাবে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, তিনি ‘ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছেন’ এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ‘বিরল নেতা’ বলে অভিহিত করেছেন।
প্রবা/জিজি /এসআর