প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ মার্চ ২০২৩ ১৪:১৯ পিএম
আপডেট : ০৬ মার্চ ২০২৩ ১৮:১৪ পিএম
আত্মঘাতী হামলার পর ঘটনাস্থলে পৌঁছান দেশটির নিরাপত্তাকর্মীরা। ছবি : সংগৃহীত
পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে আত্মঘাতী হামলায় অন্তত ৯ পুলিশ সদস্য নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশের মুখপাত্র ইজাজ আহমেদ সোমবার (৬ মার্চ) বলেছেন, ‘এক বিস্ফোরণে আধাসামরিক বেলুচিস্তান কনস্ট্যাবুলারির অন্তত নয়জন সৈন্য নিহত হয়েছে।’
তিনি আরও জানান, বেলুচিস্তান কনস্ট্যাবুলারির সদস্যরা বেলুচিস্তান প্রদেশের কাছি জেলায় একটি বাসে ভ্রমণ করছিলেন। প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পৌঁছাতেই বাসটিতে বিস্ফোরণ ঘটে।
পুলিশের আরেক মুখপাত্র মেহমুদ খান নটিজাই বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, আত্মঘাতী বোমা হামলাকারী মোটরসাইকেল চেপে এসে বাসটিতে পেছন থেকে বিস্ফোরণ ঘটায়।
তিনি আরও জানান, বাসটিতে থাকা সেনারা স্থানীয় সপ্তাহব্যাপী গবাদি পশুর প্রদর্শনীতে নিরাপত্তার দায়িত্ব পালন শেষে ফিরছিলেন।
হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছে, হামলায় কমপক্ষে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।
তবে, কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি।
আল জাজিরার কামাল হায়দার ইসলামাবাদ জানান, তদন্তকারীরা বিস্ফোরণের প্রকৃতি খতিয়ে দেখছেন।
তিনি আরও বলেন, ‘বেলুচিস্তানে এরকম ঘটনা এটিই প্রথম নয়। সেখানে পুলিশ বা আধাসামরিক বাহিনী বা সামরিক বাহিনীকে লক্ষ্যবস্তু করে হামলা প্রায়ই ঘটে থাকে।
বেলুচিস্তানের সমৃদ্ধ গ্যাস ও খনিজ সম্পদ শোষণের অভিযোগ এনে জাতিগত বেলুচ সশস্ত্র গোষ্ঠীগুলো কয়েক দশক ধরে দেশটির সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।
সূত্র : আল জাজিরা