প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ মার্চ ২০২৩ ১৫:৫৫ পিএম
আপডেট : ০১ মার্চ ২০২৩ ১৬:২৩ পিএম
প্রবাসীদের জন্য নতুন ভিসা নিয়ম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ছবি: সংগৃহীত
প্রবাসীদের জন্য নতুন ভিসা নিয়ম ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটির চেয়ারম্যান আলী মোহাম্মদ আল শামসি নতুন এ নিয়ম জারি করেন। নতুন এ নিয়মে প্রবাসীদের ক্ষেত্রে তাদের স্বজনদের দেশটিতে নিতে কিছু নতুন নিয়মের কথা উল্লেখ করা হয়েছে।
নতুন নিয়মানুয়ায়ী দেশটিতে কেউ টুরিস্ট ভিসায় গেলে ভিসা ইস্যু করার তারিখ থেকে তা ৬০ দিনের জন্য বৈধ থাকবে। অর্থাৎ তিনি দুই মাস সেখানে থাকতে পারবেন। পাশাপাশি ভিসা বাহকের ইস্যু করা ভিসার ধরন অনুসারে তাকে দেশে থাকার অনুমতি দেওয়া হবে। সব ধরনের ভ্রমণ ভিসার মাধ্যমে একাধিকবার দেশটিতে ভ্রমণ করা যাবে। তবে কেউ দেশটিতে ১৮০ দিন বা ৬ মাসের বেশি অবস্থান করতে পারবেন না।
এদিকে নতুন নিয়ম অনুসারে যেসব প্রবাসীরা তাদের আত্মীয়স্বজন বা তাদের স্ত্রীর আত্মীয়দের নিয়ে আসতে চান তাদের অবশ্যই আবাসিক পারমিট পাওয়ার জন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। যদি কোনো প্রবাসী দেশটির কোনো আমিরাতের সাথে সম্পর্কিত হন তবে তাদের অবশ্যই সে আত্মীয়তা প্রমাণ করতে হবে। যদি সে প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের কোনো বাসিন্দা বা তাদের স্ত্রীর হন, তবে তাদের কাছে অবশ্যই নিম্নলিখিত আত্মীয়তার নথি থাকতে হবে: প্রবাসীর বাবা, মা বা কম বয়সী ভাইবোন বা স্ত্রীর বাবা ও মা, তবে এতে শর্ত থাকবে তারা তাদের আর্থিকভাবে স্পনসর করতে সক্ষম।
একইসাথে নতুন নিয়মে বলা হয়, কোনো প্রবাসী তার স্ত্রীর স্বজনদের নিয়ে আসতে চাইলে তাদের অবশ্যই পর্যাপ্ত আবাসন ও মাসিক আয় থাকতে হবে। এর মধ্যে যাদের মাসিক আয় ১০ হাজার দিরহাম তাদের ৫ জন পর্যন্ত এবং যাদের মাসিক আয় ১৫ হাজার দিরহাম তাদের ৬ জনকে আনার অনুমতি দেওয়া হবে। যদি এই ব্যক্তির সংখ্যা ৬ জনের বেশি হয় তবে ভিসা কর্তৃপক্ষের চেয়ারম্যান আবেদনকারীর উপযুক্ততা যাচাই করবেন।
সূত্র: গালফ নিউজ