প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৩ ২২:৩৫ পিএম
সংগৃহীত ফটো
দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় রাজ্যের উপমুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির (এএপি) শীর্ষ নেতা মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তারের পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) কঠোর নিরাপত্তার মধ্যে দিল্লিতে বিজেপি কার্যালয়ের কাছে বিক্ষোভ করেছেন এএপির নেতাকর্মীরা। এ সময় বহু নেতাকর্মীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এদিকে সিসোদিয়াকে সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে হাজির করা হয়। সিসোদিয়াকে পাঁচ দিনের সিবিআই হেফাজতে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক এম কে নাগপাল। দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারি কাণ্ডে রবিবার মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করে সিবিআই। প্রতিবাদে সোমবার বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় এএপি।
এএপির নেতাকর্মীরা বিজেপির সদরদপ্তরের সামনে প্রতিবাদে ফেটে পড়েন। দেশটির আরও কয়েকটি রাজ্যে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
এদিকে সিসোদিয়ার গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন বিভিন্ন দল ও রাজ্যের নেতারা। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সিসোদিয়ার গ্রেপ্তারকে ‘হতাশাজনক ও হৃদয়বিদারক’ বলে মন্তব্য করেন। বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন ‘বিজেপি ক্রমাগত সংবিধানকে আক্রমণ করছে।’
তেলেঙ্গানার ভারত রাষ্ট্র পার্টির পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা দিল্লির মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তারের নিন্দা জানাই। এটি আদানি-মোদি জোট থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নেওয়া ছাড়া আর কিছুই নয়।’
মনীষ সিসোদিয়াসহ এএপির ১৪ নেতা মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, তারা দিল্লিতে আবগারি নীতি প্রয়োগ করে কিছু ব্যবসায়ীকে সুবিধা পাইয়ে দিতে গিয়ে দুর্নীতি করছিলেন। রবিবার সিবিআই হেডকোয়ার্টারে মনীষ সিসোদিয়াকে জেরা করা হয়। সন্ধ্যায় মনীষকে গ্রেপ্তার করা হয়।