প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১১:০৫ এএম
ফিলিপাইনে একটি ছোট বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত সপ্তাহে একটি সক্রিয় আগ্নেয়গিরিতে বিমানটি বিধ্বস্ত হয়েছিল। বিমানে চারজন আরোহী ছিলেন।
কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন ফিলিপাইনের পাইলট ও দুইজন অস্ট্রেলিয়ান যাত্রী।
অনুসন্ধান দলগুলো গত রবিবার থেকে মেয়ন আগ্নেয়গিরির ঢালগুলোতে বিধ্বস্ত বিমানের খোঁজ করছিলেন। বিমানের ধ্বংসাবশেষটি গর্ত থেকে প্রায় ৩০০ মিটার দূরে দেখা গিয়েছিল।
উদ্ধারকারীরা এখন মরদেহগুলো নিরাপদে বের করে আনার চেষ্টা করছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।
স্থানীয় কর্তৃপক্ষ বলছে, তারা বিমানটি বিধ্বস্তের কারণ অনুসন্ধান করবে।
২০১৮ সালে সর্বশেষ অগ্ন্যুৎপাত হওয়া ফিলিপাইনের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি মায়োন। গত শনিবার সেসনা ৩৪০ বিমানটি স্থানীয় বিমানবন্দর থেকে ম্যানিলার উদ্দেশ্যে রওনা হওয়ার কিছুক্ষণ পর নিখোঁজ হয়।
এরপর মায়োন আগ্নেয়গিরির কয়েক কিলোমিটার দূরে এর ধ্বংসাবশেষ পাওয়া গেল।
সূত্র: বিবিসি