প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৩২ এএম
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৮ এএম
কাখোভকা হাইড্রোইলেকট্রিক স্টেশনের একটি প্রবেশপথ পাহারা দিচ্ছে রাশিয়ান সেনারা (ফাইল ফটো)
জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আগে মস্কোর ওপর দোষ চাপানোর জন্য ইউক্রেন নিজ ভূখণ্ডে একটি পারমাণবিক নাশকতার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছে রাশিয়া। রাশিয়া অবশ্য তার এ অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ দিতে পারেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছে, একটি ইউরোপীয় দেশ থেকে তেজস্ক্রিয় পদার্থ ইউক্রেনে আনা হয়েছে, যার মাধ্যমে কিয়েভ একটি বড় আকারের উস্কানি তৈরির চেষ্টা করছে।
ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ওই উস্কানির উদ্দেশ্য হলো, রাশিয়ার সেনাবাহিনীকে ইউক্রেনের বিপজ্জনক তেজস্ক্রিয় স্থাপনায় নির্বিচারে হামলা চালানোর বিষয়ে প্ররোচিত করা। রাশিয়ার সেনারা হামলা করলে ওই তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়বে এবং এলাকা দূষিত হবে।’
ইউক্রেন এবং তার মিত্ররা বিভ্রান্তি ছড়ানোর প্রচেষ্টা হিসেবে গণ্য করে রাশিয়ার ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এবং ইউক্রেনকে দোষারোপ করার জন্য মস্কোকে নিজেই ওই ঘটনার পরিকল্পনা করার জন্য অভিযুক্ত করেছে।
মস্কোর ওই অভিযোগ এমন সময় এসেছে যখন ইউক্রেনীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদদের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তারা বলেছেন, ওই বিমান রাশিয়ান ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোয় আঘাত করে ইউক্রেনের ক্ষমতা বাড়িয়ে তুলবে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সপ্তাহান্তে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মধ্যে আলোচনার সময় কিয়েভের পক্ষ থেকে ওই অনুরোধটি এসেছে বলে জানা গেছে।
সিনেটর মার্ক কেলি বলেছেন, ‘তারা আমাদের বলেছে, তারা শত্রুদের বিমান প্রতিরক্ষাকে দমন করতে চায়; যাতে তারা তাদের ড্রোনগুলো রাশিয়ান ফ্রন্ট লাইনের বাইরে নিতে পারে।’
সূত্র : আলজাজিরা